রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় কে এম মনসুর আলী (৪০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি দক্ষিণ খান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ আলী বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর ১০ নম্বর রোড আজমপুর মধ্যবর্তী স্থানে মোবাইল ফোনে কথা বলে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই সাকিবুল ইসলাম বলেন, তার ভাই দক্ষিণখান থানা কর্মরত ছিলেন। গতকাল রাতে ডিউটি শেষ করে পল্লবীর বাসায় ফেরার পথে উত্তরা ১০ নম্বর রোডে মোটরসাইকেল রেখে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন, এ সময় তিনি দুর্ঘটনার শিকার হন। মৃত মনসুর পাবনা জেলার আমিনপুর উপজেলার ভাটি কয়া গ্রামের মো. মনোয়ার আলীর ছেলে। বর্তমানে পল্লবী বাইগারটেক নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

