রাজধানীতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ‘হিটলু বাবু’ গ্যাংয়ের ১০ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ‘হিটলু বাবু’ গ্যাংয়ের ১০ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মাটিকাটা এলাকায় একটি বিশেষ অভিযান চালায় সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প। গতকাল সোমবার রাত ২টায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার এবং ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও কুখ্যাত ‘হিটলু বাবু’ গ্যাংয়ের ১০ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আনুমানিক ভোর ৫টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেপ্তার এড়ানো অসম্ভব বিবেচনা করে টহল দলের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে সন্ত্রাসীরা পলায়ন করতে ব্যর্থ হয় এবং সেনাবাহিনীর টহলের নিকট গ্রেপ্তার হয়। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন