রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে সেখানে তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগারগাঁও স্টেশনের নিচে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, একটি বিস্ফোরণের শব্দ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে সেখানে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।
কে বা কারা এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


