বংশালবাসীর দুঃখ মাজেদ সরদার রোড

বংশালবাসীর দুঃখ মাজেদ সরদার রোড

সাত মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বংশাল থানার মাজেদ সরদার রোড। সড়কটিতে স্যুয়ারেজ লাইন আর ওয়াসার পানির লাইন ভেঙে এখন একটি খালে পরিণত হয়েছে। সে কারণে সড়কটি দিয়ে রিকশায় চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলারও সুযোগ নেই। কোনো ধরনের জরুরি সেবাও নিতে পারছেন না এলাকার বাসিন্দারা।

ভুক্তভোগী মানুষের দাবি, গত ১৩ বছর ধরে কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া লাগেনি সড়কটিতে। এ কারণে হাজারখানেক বাসিন্দার জীবনযাত্রা দুর্ভোগের আবর্তেই ঘুরপাক খাচ্ছে।

বিজ্ঞাপন

সরেজমিনে এলাকায় ঘুরে দেখা গেছে, মাজেদ সরদার রোড এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে বংশাল থানার অধীনে। সড়কটির একপ্রান্তে রয়েছে বাংলাদেশ মাঠ এবং দক্ষিণ-পূর্ব পাশে রয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। অন্যপ্রান্তে রয়েছে নাজিরাবাজার। সারা বছর পানিতে ডুবে থাকায় সড়কটি ডোবায় পরিণত হয়েছে। হাঁটুসমান ময়লা পানির কারণে রিকশা ছাড়া চলাচল করতে পারছেন না বাসিন্দারা।

রাস্তার অলিগলির মধ্যে রয়েছে বহু কালকারখানা। ব্যবসায়িক কাজের জন্য সড়কটি খুব গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও এর উন্নয়ন আর হয় না। নালা-নর্দমার পানি উপচে আবর্জনা ভাসছে সরু গলিতে। একটু বৃষ্টিতে গোটা এলাকার অলিগলি যেন নদীতে রূপ নেয়। মূল সড়ক থেকে শুরু করে গলি-ঘুপচিগুলোও দিনরাত থাকে জলাবদ্ধ।

স্থানীয় হরিজন কলোনির বাসিন্দা সিও দাস আমার দেশকে বলেন, ‘মাজেদ সরদার সড়কের গত ২০ বছর ধরে অবস্থা করুণ। মাঝখানে একবার ড্রেনেজের কাজ শুরু হয়। কিন্তু রাস্তার মাঝ বরাবর ড্রেনের পাইপলাইন ফেলে রেখে কাজ বন্ধ করে দেওয়া হয়। ড্রেনটির গভীরতা অনেক বেশি। তাই খোলা ড্রেনের মুখ বন্ধ করতে কাজের জন্য ফেলে রাখা পাইপ ড্রেনের মুখে দিয়ে দুর্ঘটনা রোধের চেষ্টা চলছে। এখন এ রাস্তায় যান চলাচলও বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকা হলেও এর আশপাশের বিভিন্ন সড়ক ভাঙাচোরা ও গর্তে ভরা। দীর্ঘদিন সড়কে কাজ বন্ধ থাকায় কঠিন ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

মাজেদ সরদার রোড মোড়ে তিন দিক থেকে তিনটি রাস্তা এসে মিশেছে। এই মোড়ের পাশেই দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি আবর্জনার কনটেইনার রাখা। সম্প্রতি গিয়ে দেখা যায়, আবর্জনা পরিবহনের রিকশা-ভ্যানও সরু সড়কের অনেকটা দখল করে রেখেছে।

কনটেইনার থেকে ময়লা উপচে পড়েছে রাস্তায়। এলাকার জুতার কারখানাগুলোর ঝুট-প্লাস্টিক কনটেইনারের বাইরে ফেলা হয়েছে। গৃহস্থালির আবর্জনা আর কারখানার ঝুটে মাজেদ সরদার রোডের বড় অংশ দখল হয়ে গেছে। সরু হয়ে গেছে পথ। রিকশা-গাড়িগুলো আবর্জনার স্তূপের ওপর দিয়ে চলছে।

স্থানীয় বাসিন্দা বাবুল মন্ডল আমার দেশকে বলেন, ‘বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় বিএনপির কাউন্সিলর মোহন লাল থাকা অবস্থায়ই উন্নয়নকাজ বন্ধ হয়ে যায়। এরপর স্থানীয় কাউন্সিলর আওয়ামী লীগের নেতা আউয়াল গত তিন টার্ম ক্ষমতায় থেকেও এ এলাকার কোনো উন্নয়ন করেননি। এ কারণেই আজ পুরো এলাকা পরিত্যক্ত একটা খালে পরিণত হয়েছে।

এলাকার অন্য বাসিন্দাদের অভিযোগ, প্রতি জুমার দিনেও হাঁটুর ওপর পানি উঠে যায়। কারণ শুক্রবার হওয়ায় সবাই ছুটিতে থাকে আর পানির ব্যবহার বাড়ে। আর বাসাবাড়ির সেই পানি রাস্তায় নেমে সেখানে জলাবদ্ধতা আরো বাড়ে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সূত্র জানিয়েছে, উন্নয়নকাজ বাস্তবায়নের অগ্রগতি জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম আমার দেশকে বলেন, সিটি করপোরেশনের বাসিন্দাদের দুর্ভোগ কমাতে যা কিছু প্রয়োজন, সে অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার নির্দেশনা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। এ ছাড়া যেসব উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে আছে তা শিগগিরই শুরু হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন