গুঁড়িয়ে দেয়া ৩২ নম্বর ও সুধা সদনে সাধারণ মানুষের উল্লাস

গুঁড়িয়ে দেয়া ৩২ নম্বর ও সুধা সদনে সাধারণ মানুষের উল্লাস

গুঁড়িয়ে দেয়া ৩২ নম্বর বাড়ি ও সুধা সদনের দেখতে জুমার নামাজের পর পরই সাধারণ মানুষের ঢল নামে। হাজার হাজার মানুষ ছুটে আসে সেখানে । তাদের মধ্যে আবার অনেকে বাড়ির সামনে, ভাঙ্গার পর ঝুলে থাকা দোতালার বারান্দায়, সিড়িঁতে, ছাদের উপর যে যেখানে পারছে বসে সেলফি তুলছেন। আবার মুসল্লী, স্বামী-স্ত্রী, সাধারণ পরিবারের নারী এবং শিক্ষার্থীরাও ফটো সেশন করছেন । বুধবার বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার পর দুদিন অতিবাহিত হলেও এখনো ৩২ নম্বরে ভিড় করছে উৎসুক জনতা। শুক্রবার সরেজমিনে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

পতিত সরকার প্রধান শেখ হাসিনার সক্রিয় রাজনীতিতে ফেরার উদ্দেশ্যে দেওয়া ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। প্রায় ৩দিনের দিনেও সেখানে উৎসুক জনতার ভিড়ে আশপাশের রাস্তায় যানজট শুরু হয়ে যায়।

বিজ্ঞাপন

দুপুরের পরপরই হঠাৎ মানুষের ভিড়ে বেড়ে যায়। সেখানে পড়ে থাকা হাতুড়ি দিয়ে অক্ষত একটা ভিম ভাঙ্গতে শুরু করেন একজন নারী শিক্ষার্থী । এ সময় উৎসুক জনতা উল্লসিত হয়ে পড়ে। সবাই এগিয়ে যায় তাকে সাহায্য করতে। স্লোগানে স্লোগানে তাকে আরো উৎসাহিত করেন। জুমার নাজের পর পর একই চিত্র ধরা পড়ে সুধা সদনের বাড়িটিতেও।

এদিকে শুক্রবার সকালেও শেখ মুজিবের ৩২ নম্বরের বাড়ি এবং উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। তাদের অনেকেই ভাঙা বাড়িটির ভেতরে ও আশপাশে ঘুরে দেখছেন। কেউ কেউ সেলফি তুলছেন। অনেকেই আবার বাড়ি থেকে কিছু জিনিসও সঙ্গে নিয়ে যাচ্ছেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়িটির কিছু অংশে কয়েকজন হাতুড়ি দিয়ে ভাঙচুর করছেন। বাড়ির ভেতরে ভাঙ্গারী নেয়ার জন্য বেশ কিছু ভ্যান ঢুকেছে। একদল মানুষ করাত দিয়ে রড কাটছেন। আরেক দল সেই রড নিয়ে যাচ্ছেন। আবার আরেকদল মানুষ অটো রিকশা করে ইট নিয়ে যাচ্ছেন। তবে কোনো ভারি যন্ত্র দিয়ে বাড়ি ভাঙতে দেখা যায়নি।

বাড়িটির আশপাশে সংবাদকর্মীদের ভিড়ও ছিল লক্ষণীয়। বিশেষ করে জুমার পরে মানুষের ঢল নামায় তারা লাইভ সম্প্রচার শুরু করেন। ৩২ নম্বর সড়কসহ চারপাশের রাস্তায় যানজট লেগে যায়।

এর আগে, গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক্সকেভেটর (খননযন্ত্র), ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাঙার কাজ বন্ধ থাকলেও গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই বাড়ি ঘিরে ছিল বিক্ষুব্ধ ও উৎসুক জনতার ভিড়।

এদিকে ভারতে অবস্থান করে দেওয়া শেখ হাসিনার রাজনৈতিক উসকানিমূলক ভাষণকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম হানিফের বাড়িতে হামলা হয়। এরপর গত দুদিনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কমপক্ষে ৩৩টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অন্তত অর্ধশত ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগের আটটি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন