মুসলিম বিজ্ঞানী হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতির আহ্বান

মুসলিম বিজ্ঞানী হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতির আহ্বান

রাজধানীর আফতাবনগরে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘সাইন্স ফেয়ার ২০২৬’। বৃহস্পতিবার দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের প্রায় ১২০ জন শিক্ষার্থী বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে।

বিজ্ঞাপন

বিজ্ঞান মেলার আহ্বায়ক মিসেস আসমা সাইদা নাবিলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী। মেলার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন স্কুলের ইনচার্জ ফারহানা সুমাইয়া শবনম।

প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী শিক্ষার্থীদের বিজ্ঞান ও জ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে নিজেদের মুসলিম বিজ্ঞানী হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত জ্ঞানচর্চা, অনুসন্ধান ও নতুন কিছু আবিষ্কারের প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

মেলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ১৬টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন মুসলিম বিজ্ঞানীর নামে বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। আধুনিক বিজ্ঞানের বিভিন্ন ধারণার পাশাপাশি মুসলিম বিজ্ঞানীদের অবদান ও জ্ঞান-বিজ্ঞান চর্চার ঐতিহ্যও তুলে ধরা হয়।

প্রায় ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত মেলায় তাদের সৃজনশীলতা, অনুসন্ধিৎসা, সমস্যা সমাধানের দক্ষতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রকাশ ঘটে। শিক্ষার্থীরা অতিথি, শিক্ষক ও দর্শনার্থীদের সামনে নিজেদের প্রজেক্টের কার্যপ্রণালি, উদ্দেশ্য এবং বৈজ্ঞানিক ভিত্তি তুলে ধরে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তবভিত্তিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজনের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়।

শুক্রবার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন