তিন ঘন্টায়ও থামেনি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও ধানমণ্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা। থেমে থেমে চলছে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। এতে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
রোববার সন্ধ্যায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- মাহিম আহমেদ সনু (২১), আলামিন (২০), রিয়ন (১৮), ইরফান (১৮) ও নাজমুল (১৯)।
নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী বলেন, আইডিয়াল ও সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারির কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আগে হয়ত কোনো শত্রুতা ছিল, এজন্য আজ এই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় এখন পর্যন্ত আইডিয়াল কলেজের পাঁচ শিক্ষার্থীকে ঢামেকে আনা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আইডিয়াল কলেজের ৫ শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। এদের মধ্যে শিক্ষার্থী মাহিম আহমেদ সনুর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
এর আগে বিকেলে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিকেল থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ধানমন্ডি থানার কর্তব্যরত অফিসার সাব্বির হায়দার এই তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

