সংবাদ সম্মেলনে অভিযোগ

আমার বাড়ি আমার ঘরের এমডি শেয়ারহোল্ডারদের সঙ্গে প্রতারণা করেছেন

আমার বাড়ি আমার ঘরের এমডি শেয়ারহোল্ডারদের সঙ্গে প্রতারণা করেছেন

ভূমিদখল, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ করা হয়েছে আমার বাড়ি আমার ঘর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমানের বিরুদ্ধে। শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ১৪৯ ভুক্তভোগী শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, এক সময় পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করা মশিউর রহমান ভূমিদখল, বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে যান। জাল দলিল দিয়ে জমি বিক্রি, রাস্তা ছাড়াই প্লট বিক্রি, চেক জালিয়াতি, ভুয়া চুক্তিপত্র, বহিরাগত মাস্তান দিয়ে জমি দখল, পুলিশ সদস্যদের দিয়ে হুমকিসহ নানা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন শেয়ারহোল্ডারদের সঙ্গে প্রতারণা করে আসছেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, মাথা গোঁজার ঠাঁই করতে আমার বাড়ি আমার ঘর লিমিটেডের মাধ্যমে তারা ৩৮ কাঠা জমি কেনেন। ওই সময় মশিউর রহমান বলেছিলেন, জমি রেজিস্ট্রেশনের ছয় মাসের মধ্যে ১৪৯ জন শেয়ারহোল্ডারের মধ্যে কমিটি করে রাজউক থেকে প্লান পাস ও বিল্ডিংয়ের কনস্ট্রাকশন শুরু এবং তিন বছরের মধ্যে কাজ শেষ করে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু জমি কেনা হলেও তিনি শেয়ার হোল্ডারদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে মিথ্যা জালিয়াতি ও প্রতারণা করে আসছেন।

ভুক্তভোগীরা বলেন, ২০ ফুট রাস্তা দেখিয়ে জমি বিক্রি করলেও প্রজেক্টের জন্য কোনো ধরনের রাস্তা নেই। রাস্তা বৃদ্ধি ও ল্যান্ড ইউজেস ক্লিয়ারেন্সের কথা বলে ৭৬ লাখ টাকা নিয়েও কোনো কাজ করেননি তিনি। এছাড়া জাল দলিল তৈরির মাধ্যমে অতিরিক্ত ২১ জনের মধ্যে শেয়ার বিক্রি করে আগের শেয়ারহোল্ডারদের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে। এভাবে নানা প্রতারণা ও টালবাহানার মাধ্যমে ২-৩ বছর পার হলেও নির্ধারিত ফ্ল্যাট বুঝে পাননি তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন