মানি এক্সচেঞ্জে ডাকাতি, মাইক্রোবাসের সূত্র ধরে গ্রেপ্তার ৬

মানি এক্সচেঞ্জে ডাকাতি, মাইক্রোবাসের সূত্র ধরে গ্রেপ্তার ৬

রাজধানীর মিরপুর-১০ নম্বরে মানি এক্সচেঞ্জে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।

ডিবি বলছে, পেশাদার চক্রটি দীর্ঘদিন ধরে টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে আসছিল। মিরপুরের ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো—মূলহোতা জলিল মোল্লাসহ মোস্তাফিজ, পলাশ, দিপু, সোহাগ ও জাফর। ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস, তিনটি মোটরসাইকেল, পিস্তল, গুলি, জাল ও লুণ্ঠিত টাকা-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

নাসিরুল ইসলাম জানান, গত ২৭ মে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল ও তার ভগ্নীপতি জাহিদুল হক চৌধুরীর কাছ থেকে ২১ লাখ টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা ডাকাতরা ছিনিয়ে নেয়। এ ঘটনায় জাহিদুল ডাকাতি মামলা করেন।

ঘটনার পর ডিবি ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস শনাক্ত করে। এর চালক জাফরকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাফর ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করে। পরে তথ্য বিশ্লেষণ করে দেশের বিভিন্ন এলাকা থেকে জলিল মোল্লাসহ চক্রের আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন