রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার

রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীর তিনটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। বিমানবন্দর এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত হন সৌদি প্রবাসী মো. নজরুল ইসলাম (৫০)।

অপরদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিজয় স্বরনী এলাকায় বসুন্ধরা গ্রুপের হাইজ গাড়ির ধাক্কায় রাইট স্যার প্রতিষ্ঠান পাঠাও এর যাত্রী ইয়াকুব আলী (৫০) মারা যান। এছাড়া ডেমরা থানার স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে অজ্ঞাত এক পুরুষ (৩০) নিহত হন।

বিজ্ঞাপন

বিমানবন্দর রেলস্টেশনের উত্তরে বুধবার দিবাগত রাত ১১টায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় আহত হন নজরুল ইসলাম। স্থানীয়রা তাকে প্রথমে উত্তরার হাসপাতালে নিলে পরে সেখান থেকে রাত ১২টায় ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে মারা যান তিনি। নিহত নজরুল ইসলাম পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম আলিপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর সৌদি প্রবাসী ছিলেন ও দুই মেয়ে এক ছেলের জনক।

অপর ঘটনায় বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পোস্তগোলা থেকে পাঠাও যোগে বাসায় ফেরার সময় পেছন থেকে টিএস স্পোর্টস চ্যানেলের হাইয়েস গাড়ি ধাক্কা দিলে ইয়াকুব আলী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পাঠাও চালক তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে পরে উন্নত চিকিৎসার জন্য রাত ২টা ১৫ মিনিটে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াকুব আলী মিরপুর পল্লবীর ইলেকট্রিক ব্যবসায়ী।

এছাড়া ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে অজ্ঞাত এক পুরুষের দুই হাত, দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ডেমরা থানা পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুর ১টায় ঢামেক মর্গে নিয়ে আসে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তিনটি লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানানো হয়েছে। হাইয়েস গাড়ির চালক ফরহাদ (২৫) নিহত ইয়াকুব আলীর স্বজনদের সঙ্গে রয়েছে বলেও জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন