বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পর পাখির আঘাতের (বার্ড হিট) ঘটনায় মাঝ আকাশ থেকে ফেরত এসেছে উড়োজাহাজটি। এ ঘটনায় ফ্লাইটটির ইঞ্জিনে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ এ বি এম রওশন হোসেন আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊডোজাহাজটিতে টেকঅফের সময় বার্ড হিট হয়েছে।
জানা গেছে, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমানে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানের ফ্লাইটটি বাংলাদেশ সময় ৮ টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই, প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় ৮ টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

