কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ছাত্রদল নেতা আহত

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ছাত্রদল নেতা আহত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কলেজের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের ছাত্রদলনেতা এবং এক কর্মচারী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার বিকেল ৫টার দিকে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিমন আলী এবং কলেজের মালি জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও এসআরবি সদস্যরা সড়ক ফাঁকা রাখার নির্দেশ দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘ঘটনার সময় আমরা এখানেই ছিলাম। বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ ছিল। ককটেলটি ওই দিক থেকেও আসতে পারে, আবার আমাদের কলেজের ছাদ থেকেও ছোড়া হতে পারে। হঠাৎ বিস্ফোরণে আমরা কিছুই বুঝতে পারিনি।’

কবি নজরুল কলেজের শিক্ষার্থী শরীফ হোসেন বলেন, ‘ককটেল বিস্ফোরণের সময় আমি পাশেই বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। তখন আমাদের কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে আমরা ভেবেছিলাম, কোনো গাড়ির চাকা ফেটে গেছে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর বিষয়টি বুঝতে পারি। তখন জানতে পারি, আমাদের কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।’

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ‘আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...