সন্দেহভাজন ছিনতাইকারীদের ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ধানমন্ডি থানার এসআই সাইফুল ইসলাম।
অন্যদিকে পুলিশের গুলিতে আহত হয়েছেন শাকিব নামে সন্দেহভাজন এক ছিনতাইকারী। পরে তাকেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানান, কয়েকদিন আগে হওয়া একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছিল পুলিশ। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত হওয়ার পর সকাল ৬টার দিকে মোহাম্মদপুর টাউন হলের পেছনের গলিতে যায় ধানমন্ডি থানার একটি দল। তখন গ্রেপ্তার তিনজন ও তাদের সহযোগীরা ধারাল অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে ছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা আক্রমণ চালায়। তাদের হাতে ছিল চাপাতি, চায়নিজ কুড়ালসহ অন্যান্য ধারাল অস্ত্র।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তাতেও ছিনতাইকারীরা পিছু না হটলে আরও দুই রাউন্ড গুলি করা হয়। তখন শাকিবের পায়ের আঙুলে গুলি লাগে। পরে তাকে পুলিশ পাহারায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারাল অস্ত্রের আঘাতে আহত এসআই সাইফুলকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা দুজনই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে পলাশ ও বিপ্লব নামে আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

