জুলাই যোদ্ধারা আমাদের প্রেরণা: মোবারক হোসাইন

জুলাই যোদ্ধারা আমাদের প্রেরণা: মোবারক হোসাইন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মোবারক হোসাইন বলেছেন, জুলাই বিপ্লবীরা বিশ্বের দরবারে জাতীয় বীর ও আমাদের প্রেরণা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি।

তিনি গত ১৫ বছরের স্বৈরশাসকের বিভিন্ন নির্যাতন ও নিপীড়নের কথা স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণিত হয়ে বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু তিনি জানতেন না, তার শেষ পরিণতি কি হবে।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর একটি মিলনায়তনে জাতীয় ডক্টরস ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত জুলাই বিপ্লব ২০২৫’ শীর্ষক স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মোবারক হোসাইন আরো বলেন, আজকের এই আয়োজনে পুরো জাতিকে স্মরণ করিয়ে দেয় সেই অগ্নিঝরা দিনের কথা, যেখানে শত শত মানুষ নিজেদেরকে আত্মত্যাগের মাধ্যমে নতুন স্বাধীনতার দীপ্ত বার্তা পৌঁছে দিয়েছিলেন সবার মাঝে।

তিনি বলেন, এই বিপ্লবী চেতনাকে বুকে ধারণ করে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক সুস্থতা কামনা করেন। তিনি বলেন আমরা এই নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ।

ডা. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও এনডিএফ যুগ্ম সম্পাদক ডা. বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম। জাতীয় ডক্টর ফোরামের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে আহত ও নিহত যোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন