রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) মারা গেছেন।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা খবর দিলে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিপিএল নিলাম চলাকালীন এই ক্রীড়া সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জহির ভূঁইয়াকে হাসপাতালে নিয়ে আসা তার ছেলে রাকিব ভুঁইয়া তামিম জানান, জহির ভূঁইয়া দুপুরে বাসা থেকে মোটরসাইকেলে করে কারওয়ান বাজারে অফিসে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর পথচারীরা ফোন করে দুর্ঘটনার কথা জানান এবং প্রথমে তাকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাকিব আরও জানান, খবর পেয়ে মুগদা হাসপাতালে গিয়ে তার বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান। খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ঢালে দুর্ঘটনার শিকার হয়েছেন।
জহিরের বাড়ি কুমিল্লার মুরাদনগরের চাবিতলা গ্রামে। তিনি রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

