রাজধানীর হাইকোর্ট মাজার এলাকায় মোহাম্মদ আলম (৪০) নামের ভবঘুরে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়েছিল। শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলমকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ মিজান জানান, গত শুক্রবার বিকাল ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় হাইকোর্ট মাজারের সামনে পড়েছিলেন আলম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
মিজান আরো জানান, আলমের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। তিনি হাইকোর্ট এলাকায় থাকতেন। কোনো কাজ না করেই তিনি ঘোরাফেরা করতেন এবং মানুষের কাছে চেয়ে খেতেন। ধারণা করা হচ্ছে কেউ তাকে মারধর করে মাজারের সামনে ফেলে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাপুলিশকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

