মধ্য আষাঢ়ে রাজধানীতে বৃষ্টি, কমছে তাপমাত্রা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মধ্য আষাঢ়ে রাজধানীতে বৃষ্টি, কমছে তাপমাত্রা
রাজধানীর কারওয়ান বাজারে বৃষ্টি। ছবি: রফিকুর রহমান রেকু

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে আকাশ ছিল মেঘলা। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পর কমছে তাপমাত্রা।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

বুধবার (১ জুলাই) এর পূর্বাভাস বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২ জুলাই) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতেও দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (৩ জুলাই) রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শনিবার (৪ জুলাই) সারা দেশে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পুরো সময়জুড়েই দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...