রাজধানীর খিলগাঁওয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি বাসা থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজনের বয়স ৫৮, অন্যজনের ২০ বছর। প্রাথমিক তদন্তে দুজনের মৃত্যুর পেছনেই আত্মহত্যার আশঙ্কা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছেন তদন্তসংশ্লিষ্টরা।
নিহতরা হলেন শামসুন্নাহার বেগম (৫৮) ও ফাতেমা আক্তার (২০)।
গত সোমবার দিবাগত রাতে সিপাহীবাগ ও নন্দীপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে এ দুটি ঘটনার তথ্য পাওয়া গেছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিপাহীবাগের একটি বাসার পঞ্চম তলা থেকে শামসুন্নাহারের লাশ উদ্ধার করা হয়। সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পুলিশ জানায়, শামসুন্নাহারের স্বামী আব্দুর রাজ্জাক মোল্লা মারা গেছেন। এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। গত এক মাসে তার অসুস্থতা বেড়েছিল বলে স্বজনরা জানিয়েছেন। তাদের ধারণা, অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। শামসুন্নাহারের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ বাসুরিয়া। তিনি মৃত আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
অন্যদিকে, রাত সাড়ে ১০টার দিকে নন্দীপাড়ার নেওয়াজবাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে ফাতেমা আক্তার নামে আরেকজন লাশ উদ্ধার করে পুলিশ। খিলগাঁও থানার এসআই এরশাদ আলী এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ফাতেমার দাম্পত্য জীবন নিয়ে টানাপোড়েনের তথ্য উঠে এসেছে। স্বজনরা বলছেন, প্রায় ছয় মাস আগে পারিবারিকভাবে রাকিব নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের আগে অন্য এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলেও পুলিশ জানতে পেরেছে। এ নিয়ে দাম্পত্য জীবনে বিরোধ চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে ফাতেমার মৃত্যুকে আত্মহত্যা বলে সন্দেহ করা হয়েছে। তবে লাশ উদ্ধারের সময় তার অবস্থান নিয়ে পাওয়া তথ্যে দেখা যায়, একটি কক্ষের মেঝেতে চাদর দিয়ে ঢাকা অবস্থায় তাকে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর বাসার নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। পরে তার লাশ নিচে নামানো হয়। ফাতেমার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর। তার বাবা ফরিদুল ইসলাম। বর্তমানে স্বামীর সঙ্গে খিলগাঁওয়ের নন্দীপাড়া নেওয়াজবাগের ১৩ নম্বর সড়কে কোবা মসজিদের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ দুই নারীর লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


