রাজধানীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে কুখ্যাত ‘হেরোইন সম্রাজ্ঞী’ ও ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী অভিযানে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উত্তরা সার্কেল টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে রাজধানীর ডেমরা থানার সেনোয়ারা গ্রীন পার্ক এলাকার একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ হোসনে আরা বেগম (৩৮) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তাকে দীর্ঘদিন ধরে ‘হেরোইন সম্রাজ্ঞী’ হিসেবে চিহ্নিত করে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া বটতলা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে একটি ভবনের ভাড়াটিয়া ফ্ল্যাট থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়, যিনি স্থানীয়ভাবে ‘ইয়াবা সম্রাট’ নামে পরিচিত।
ডিএনসি জানায়, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে মোট ২০ হাজার ৫০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন, ৫০ হাজার টাকা নগদ অর্থ এবং দুটি মোবাইল ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসনে আরা বেগম জানান, তিনি যশোরের বেনাপোল সীমান্ত থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। অন্যদিকে মো. ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবা চোরাচালানের মাধ্যমে এনে নারায়ণগঞ্জের চনপাড়া ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ভারত সীমান্ত থেকে সংগৃহীত এসব মাদকের মূল্য হুন্ডির মাধ্যমে পরিশোধ করা হতো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহম্মেদ জানান, দুই আসামির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

