রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি সেখানে চিকিৎসা ক্যাম্প স্থাপন করেছে দলটি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও জরুরি খাদ্যসহায়তা নিশ্চিত করতে সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে স্থাপিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন সেলিম উদ্দিন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, বস্তিতে বসবাসকারী মানুষ নানা ধরনের অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে থাকেন। বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা সব সময় বৈদ্যুতিক শর্টসার্কিট বা দুর্ঘটনার কারণে ঘটে কি না, তা খতিয়ে দেখা দরকার। এ ঘটনায় কোনো নাশকতা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া ও মানুষের ওপর হামলার ঘটনা ঘটছে। মহাখালীর বস্তিতে অগ্নিকাণ্ডও এ ধরনের কোনো ঘটনার অংশ কি না, তা তদন্ত করা উচিত। বস্তিবাসীর কাছ থেকে চাঁদা আদায় ও নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনার পেছনে কারও স্বার্থ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
বস্তিবাসীর নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের এই নেতা বলেন, একজন মানুষ বস্তিতে থাকুন কিংবা খোলা আকাশের নিচে, সবারই নিরাপদে বেঁচে থাকার অধিকার রয়েছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বস্তিবাসীর স্থায়ী আবাসনের বিষয়ে সেলিম উদ্দিন বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে দীর্ঘমেয়াদি কিস্তিতে ফ্ল্যাটের ব্যবস্থা করা সম্ভব। এ প্রসঙ্গে তুরস্কের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে নিম্ন আয়ের মানুষের জন্য সিটি করপোরেশনের উদ্যোগে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত, যাতে বস্তিবাসীরা নিজস্ব ঠিকানা পান।
এ সময় তরুণদের কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। তাঁর দাবি, তরুণদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে আয়ের সুযোগ তৈরি করা গেলে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকতে পারবেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় জামায়াতের উদ্যোগ তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি পুনর্বাসনেও সহযোগিতা করা হবে। এর আগেও বস্তিতে অগ্নিকাণ্ডের পর দলটির পক্ষ থেকে বিনা মূল্যে চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। প্রতিদিন তিন বেলা খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব সিটি করপোরেশনকে নিতে হবে। পাশাপাশি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনানী থানা জামায়াতের আমির ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান খান, জামায়াত নেতা মাহমুদুর রহমান আকন্দ, মোতালেব হোসেন, মাওলানা মোখলেছুর রহমান ও আপেল মাহমুদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


