সৌদির কফিলকে বশে আনতে জ্বীনের বাদশার খপ্পরে নারী

সৌদির কফিলকে বশে আনতে জ্বীনের বাদশার খপ্পরে নারী

প্রবাসী স্বামী ১৭ বাংলাদেশির ভিসার জন্য সৌদির সান্ডা কফিলকে ৩৫ লাখ টাকা দিয়েও ভিসা ও টাকা ফেরত না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। স্বামীর এমন সমস্যা সমাধানে স্ত্রীর নজরে আসে জ্বীনের বাদশা তান্ত্রিক, শাস্ত্রিক জৈনপুরী মা ফাতেমার দরবারের সব সমস্যার সমাধানে লোভনীয় চটকদার বিজ্ঞাপন। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সমস্যা সমাধানের জন্য জিনের বাদশা খ্যাত প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করেন সৌদি প্রবাসীর স্ত্রী। এরপরই শুরু হয় প্রতারণা। এ ঘটনায় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিজ্ঞাপন

রোববার সকালে রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এনায়েত হোসেন মান্নান।

উল্লেখ, কফিল নামে এক সৌদি নাগরিককে নিয়ে একটি ভিডিও ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে। সুস্বাস্থ্যের অধিকারী কফিলের ছেলের কর্মকাণ্ড তুলে ধরেছেন। কফিলের সান্ডা ভিডিওটি সকলের হাস্যরসে পরিণত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ মহাপরিদর্শক জানান, শুরুতে কোনও টাকা লাগবে না বলে জানায় প্রতারক চক্র। সৌদি কফিল তাদের টাকা বা ভিসা দিতে রাজি না হওয়ায় তাকে বাধ্য করার জন্য সৌদি কফিলের কাছে যেতে জ্বীন-পরীকে পাক-পবিত্র করতে হবে বলে জানায় চক্রটি। বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে হাতিয়ে নেওয়া হয় ১০ লাখ ২০ হাজার টাকা। একইভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। টাকা হারিয়ে সর্বস্বান্ত হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানার একটি মামলা দায়ের করেন প্রবাসীর স্ত্রী।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাকিব (২০), মো. রাকিব মোল্লা (২৯), মো. আলাউদ্দিন। তাদের ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল, লোভনীয় বিজ্ঞাপনের ৩টি ভিডিও, বিভিন্ন ভিকটিমের সঙ্গে কথা বলার ১০টি ভয়েস রেকর্ড, বিভিন্ন বিজ্ঞাপনের ৭টি ছবি, ১৫০ পাতা বিকাশ স্টেটমেন্ট ও কোটি কোটি টাকার লেনদেনের ৫টি বিকাশ অ্যাকাউন্ট শনাক্ত করার কথা জানিয়েছে পিবিআই।

তিনি আরও জানান, মামলা তদন্তকালে ও আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রকাশ্যে ইউটিউব চ্যানেলে ও বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পেতে হাজার হাজার লোককে বোকা বানিয়ে কোটি টাকা হাতিয়ে নেন।

তিনি আরও জানান, চক্রটি বিজ্ঞাপনের মাধ্যমে কৌশলে বিপদগ্রস্ত মানুষকে সব সমস্যার সমাধানের প্রলোভন দেখায়। বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হয়ে তাদের দেওয়া নাম্বারে ফোন করলে তারা জানায়, সব সমস্যার সমাধান, পাওনা টাকা আদায়, স্বামীর সঙ্গে মিল, প্রেমিকাকে পাইয়ে দেওয়া, ঝগড়া-বিবাদ মিট করা, মামলা মোকদ্দমায় জয়ী করা, গুপ্তধন পাইয়ে দেওয়া, লটারিতে বিজয়ী করা, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া, কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করা, পাওনা টাকা আদায় করা, আকামা লাগিয়ে দেওয়া, ভিসা পাইয়ে দেওয়া এবং ভাগ্য পরিবর্তন করে দেওয়ার কাজ করতে পারেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রতারণার উদ্দেশে সৌদি কফিলকে বশে আনতে মেডিসিন হিসেবে আগরবাতি, মোমবাতি, গোলাপজল, কাপ সিন্দুর লাগবে জানিয়ে সৌদি প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে আবার সৌদি কফিল বাধ্য না হওয়ায় তাকে বাধ্য করার জন্য জিন-পরীকে সৌদি কফিলের কাছে যেতে পাক-পবিত্র করতে হবে বলে জানানো হয় ওই নারীকে। এই জন্য ভুটানি গরুর ২১ কেজি দুধ দিয়ে ধুয়ে জিন-পরীকে পবিত্র করতে হবে। কফিলকে বাধ্য করতে বাদীকে রতাময়ী শ্রী আংটি পরতে হবে। আংটি জ্বীনেরা বাদীর কাছে পৌঁছে দেবে, তাই জিনদের মিষ্টি খাওয়ানোর জন্য টাকা লাগবে। পরে আবার বলা হয়, জিন-পরীরা বাদীর কাছে যেতে মানুষের রূপ ধারণ করতে হবে, সেজন্য জিন-পরীদের আগুন মোয়া শাড়ি লাগবে এবং তাতে ৩০ থেকে ৪০ হাজার টাকা লাগবে। পরবর্তী সময়ে জিনেরা সৌদি কফিলের কাছে যাওয়ার সময় পথিমধ্যে খবিশ জ্বীনেরা তাদের ওপর প্রস্রাব করে দিয়েছে এবং তাতে জিনেরা আটকে গেছে। সেখান থেকে তাদের ছাড়ানোর জন্য পাঠা বলি দিতে হবে জানিয়ে নানা কৌশলে ধাপে ধাপে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়াই এই জিনের বাদশার কাজ। তিনি আরও জানান, হতাশাগ্রস্ত লোকদের বাধ্য করার জন্য তাদের কথামতো কাজ না করলে ইউটিউব থেকে ডাউনলোড করা জিন-পরীর বীভৎস ছবি পাঠিয়ে ভয় দেখানো এবং কাউকে কিছু বললে সন্তানের মুখ দিয়ে রক্তবমি হয়ে সন্তান মারা যাবে ও পরিবারের অন্য সদস্যদের মারাত্মক ক্ষতিসহ অঙ্গহানি হবে জানিয়ে ভয়ভীতি দেখাতো প্রতারক চক্রটি।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, অন্যের নামে রেজিস্ট্রেশন করে ভুয়া সিম তুলে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করে বলে শিকার করেন প্রতারক চক্রের সদস্যরা। তদন্তে বিকাশ স্টেটমেন্ট পাওয়া গেছে। যেখানে বিভিন্নজনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন