নিউমার্কেটে আইনজীবীর চেম্বারে আগুন, দগ্ধ হয়ে দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

নিউমার্কেটে আইনজীবীর চেম্বারে আগুন, দগ্ধ হয়ে দুজনের মৃত্যু

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের আল-বারাকা টাওয়ারে এক আইনজীবীর চেম্বারে আগুন লেগে আব্দুস সালাম (২০) ও জনি (২৪) নামে দুজন ক্লার্কের মৃত্যু হয়েছে। আগুনে লাখ লাখ টাকার মূল্যবান বই ও কাগজপত্র পুড়ে গেছে।

বিজ্ঞাপন

চেম্বারটি ছিল সাবেক উপদেষ্টা হাসান আরিফের। তিনি মারা যাওয়ার পর তার ছেলে ব্যারিস্টার মোয়াজ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান চেম্বারটি ব্যবহার করছিলেন।

মৃত দুজনই ওই চেম্বারের ভেতরে ছিলেন। আগুন লাগার পর তারা সেখানকার একটি বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদের বাথরুম থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সেখানকার চিকিৎসক রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন। জনিকে নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে তার মৃত্যু হয়। পরে উভয়ের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন।

তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।

মৃত আব্দুস সালাম (২০) বগুড়া জেলার কাহালু উপজেলার বড় ভাদাহার গ্রামের মোহাম্মদ সেলিম ও রেহেনা বিবির ছেলে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের ক্লার্ক ছিলেন।

অন্যদিকে, মৃত জনি (২৪) কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন।

সেখানকার এক আইনজীবীর গানম্যান সরোয়ার বলেন, ভেতরে থাকা দুজন হয়তো বাঁচার জন্য বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। ধোঁয়ায় অক্সিজেনের অভাবে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, সেখানে থাকা লাখ লাখ টাকার মূল্যবান বই ও কাগজপত্র পুড়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন