ড. ইউনূসকে হেনস্তা, আ.লীগের দলগত বিচার দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ড. ইউনূসকে হেনস্তা, আ.লীগের দলগত বিচার দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনটি বলেছে, এ ঘটনার মধ্য দিয়ে দলগতভাবে আওয়ামী লীগের বিচার সময়ের দাবি হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র রফিকুল ইসলাম আইনী এসব কথা বলেন।

বিবৃতিতে রফিকুল ইসলাম আইনী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটার পরও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর ও স্বৈরাচারী রাজনৈতিক মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। নিউইয়র্কে প্রধান উপদেষ্টাকে হেনস্তাকারীরা প্রমাণ করেছে, দলগতভাবে আওয়ামী লীগের বিচার সময়ের দাবি। একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের অনুসারীদের এমন কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাষ্ট্রীয় মর্যাদার প্রতি চরম অবমাননা।

তিনি বলেন, দেশের সংকটময় সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকারী প্রধান উপদেষ্টার প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি অন্যায়, জুলুম ও স্বৈরাচারী মানসিকতার প্রকাশ। যারা অতীতে দমন-পীড়ন, গুম, খুন ও গণহত্যার মাধ্যমে মানুষের কণ্ঠ রোধ করেছে, তাদের এমন কর্মকাণ্ড প্রমাণ করে যে তারা এখনো গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করতে শেখেনি।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মনে করে, জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। দেশে-বিদেশে যেকোনো ধরনের সন্ত্রাস, হুমকি ও হেনস্তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান সরকারের প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি নিউইয়র্কের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিবৃতির শেষাংশে রফিকুল ইসলাম আইনী বলেন, ফ্যাসিবাদ, জুলুম ও সন্ত্রাসের বিরুদ্ধে তাঁদের অবস্থান স্পষ্ট। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে কোনো ধরনের স্বৈরাচারী অপতৎপরতা বরদাশত করা হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন