ঈদের আগে বকেয়া পরিশোধের দাবিতে সচিবালয় অভিমুখে শ্রমিকদের মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে।
মঙ্গলবার শ্রমিকরা শ্রম ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এলে প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
এর আগে, শ্রমিকদের মিছিল দেখে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয় পুলিশ। একপর্যায়ে শ্রমিকরা সামনে এগিয়ে যেতে চাইলে লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
পুলিশ বলছে, শ্রমিকরা ইটপাটকেল ছুড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ‘ডিসপাচ’ করে দেওয়া হয়।
জানা যায়, আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শতাধিক শ্রমিক-কর্মচারী।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, পুলিশের ব্যারিকেড থেকে দূরে থাকতেই শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে আমাদের তিন সদস্য আহত হয়েছেন। অল্প সময়ের মধ্যেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এনেছি, তাদের ডিসপাচ করে দিয়েছি। পরে তারা যে যার মতো চলে গেছে।
উল্লেখ্য, সোমবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রম ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছিলেন টিএন্ডজেড অ্যাপারেলস লিমিটেড এবং অ্যাপারেল প্লাস ইকো লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। সন্ধ্যা ৭টার পরে তারা মূল সড়ক ছেড়ে আশেপাশের রাস্তায় অবস্থান করে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

