রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর ও ডেমরায় পৃথক ঘটনায় দুই যুবক আত্মহত্যা করেছেন। তারা হলেন— মো. হাসান (২৬) ও মো. মারুফ (২২)। হাসান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের আব্দুর রবের ছেলে এবং মারুফ ধামরাই উপজেলার কাজীয়ারকন্ডু বড় খুচরিয়া গ্রামের ফেলু বেপারীর ছেলে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিহত হাসানকে হাসপাতালে নিয়ে আসা স্বজন মো. সবুজ জানান, জান্নাতবাগের ২ নম্বর গলির একটি ভাড়া বাসায় রাত আনুমানিক দেড়টার দিকে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় হাসান। খবর পেয়ে ভোর পৌনে ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মো. মারুফকে হাসপাতালে নিয়ে আসা স্বজন ফরিদা বেগম জানান, ডেমরা মাদ্রাসা রোডের বাসায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস নেন মারুফ। পরে সহকর্মীরা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

