সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে একচুলও নড়বেন না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। তারা জুমার নামাজের পরে অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। শুক্রবার সকালে কাকরাইল মসজিদের সামনে সমাবেশ শুরুর আগে তিনি এ কথা বলেন।
গত তিনদিন ধরে শিক্ষক-শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করায় তারা অসুস্থ হয়ে পড়েছে জানিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে একচুলও সরবো না। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত যে সরকার আমাদের হুমকি-ধামকি দেয় কিংবা স্টিমরোলারও চালানোর চেষ্টা করে, তাহলে আমরা রুখে দেব। যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায় তবুও আন্দোলন চালিয়ে যাবো।’
রইস উদ্দিন বলেন, ‘ঢাকা শহরের প্রাণকেন্দ্র এই তিনদিকের রাস্তাটি আমাদের শিক্ষার্থীরা জড়ো হওয়ায় জনদুর্ভোগের কারণ হয়েছে, সেটা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়, সেটাতো প্রথমদিনই সরকার আন্তরিক হলে নিরসন করতে পারতো। কিন্তু সেটা এখনও নিরসন হয়নি।’
তিনি আরো বলেন, ‘জগন্নাথ অবহেলিত, বঞ্চিত ও নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য। এই বৈষম্য নিরসনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই একাট্টা। আমাদের দাবি পূর্ণাঙ্গরুপে মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপনিত হয়েছি, আর পেছনে যাওয়ার সুযোগ নেই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

