ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানিক মিয়া নামে এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বুধবার বেলা ৩টার দিকে শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি জায়গায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় জানান, ছিনতাইয়ের ঘটনায় শাহবাগ থানায় ভুক্তভোগী মানিক একটি অভিযোগ দায়ের করেছেন। এইখানে কোন সিসিটিভি ফুটেজ নেই আমরা ম্যানুয়ালি চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, আমাদের ধারণা ওই ব্যক্তিকে মতিঝিল এলাকা থেকে ফলো করেছে ছিনতাইকারীরা। যতটুকু জানতে পেরেছি তিনি ডলার ভেঙে ক্যাশ টাকা নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন এবং সেই সময়েই এ ঘটনাট ঘটে। তিনি একটি অভিযোগ দিয়েছেন কিন্তু এখনো মামলা হয়নি।
ভুক্তভোগী মানিক মিয়ার শ্যালক শাহ আলম জানান, আমার দুলাভাই ঠিকাদারির পাশাপাশি ডলার কেনা-বেচা করে। দুপুরের দিকে ডলার ভাঙিয়ে মতিঝিল থেকে ফেরার সময় শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি স্থানে আসলে ৩-৪ জন রিকশা গতিরোধ করে এবং অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা আড়াই লাখ টাকা নিয়ে যায়। এ সময়ে তারা দ্রুত স্থান ত্যাগ করতে বলে না হলে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় আমার দুলাভাই শাহবাগ থানা একটি অভিযোগ দায়ের করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

