রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যা করার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে সংঘটিত এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় তারাবাঁধ এলাকার আব্দুল হামিদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। জানালা দিয়ে ভেতরে তাকিয়ে একজন নারীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে কৌশলে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, নার্গিস বেগম ঝুলন্ত অবস্থায় রয়েছেন এবং পাশের বিছানায় তার শিশু সন্তান মাহিমের লাশ পড়ে আছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মা ও সন্তানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নার্গিস বেগমের স্বামী সাবু মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একজন সিএনজি অটো রিকশাচালক। পারিবারিক কলহের জেরে হতাশাগ্রস্ত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

