কোরবানির ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে মোহাম্মদপুরে বাসার ফটকের সামনে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। এসময় ছিনতাইকারীরা তাদের শ্লীলতাহানির চেষ্টা করে এবং অস্ত্রের মুখে ব্যাগ ও লাগেজ নিয়ে যায়। শনিবার রাত ৩টার দিক মোহাম্মদপুরের নুরজাহান রোডে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুই নারী রিকশা থেকে নেমে বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষায় ছিলেন। তারা যে রিকশায় এসেছিলেন সেই রিকশাটিও বাসার সামনে দাঁড়িয়ে ছিল। এসময় লুঙ্গি পরা এক যুবক চাপাতি হাতে তাদের দিকে এগিয়ে আসে, একই সময়ে পেছনে থেকে আসেন আরেক যুবক। হাতে চাপাতি থাকা যুবক কিছু একটা বলে প্রথম রিকশাচালককে ধাক্কা দেন। পরে চাপাতির ভয় দেখিয়ে ব্যাগ, লাগেজ ও মোবাইল নিয়ে নেন তারা। এসময় নারীদের অলংকার ও মোবাইল ফোন নিতে তাদের তল্লাশি করতে দেখা গেছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব আমার দেশকে জানান, ওই দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশায় করে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে গেলে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে দুই নারীর কাছে থাকা ব্যাগ ও লাগেজ নিয়ে গেছে।
এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানান, এক ছিনতাইকারীকে শনাক্ত করা গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

