সরকার গুনছে ভর্তুকির বোঝা

মোহনগঞ্জে সাড়ে ৮ কোটি টাকার পর্যটন কেন্দ্রে নেই পর্যটক

মোহনগঞ্জে সাড়ে ৮ কোটি টাকার পর্যটন কেন্দ্রে নেই পর্যটক
ছবি: আমার দেশ

প্রকৃতিকন্যা খ্যাত ডিঙ্গাপোতা হাওরের বুকে সরকারের সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা ‘আদর্শনগর পর্যটন কেন্দ্র’ এখন কার্যত ফাঁকা। কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও যোগাযোগ ব্যবস্থা খারাপ ও প্রচারের অভাবে কেন্দ্রটিতে পর্যটক নেই বললেই চলে। এমনকি কোনো কোনো সপ্তাহে একজনও পর্যটক আসেন না। ফলে প্রতি বছর এটি পরিচালনায় সরকারকে গুনতে হচ্ছে ভর্তুকি।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর ঘেঁষে কেন্দ্রটি নির্মাণ করা হয়। ২০১৯ সালের ২৩ ডিসেম্বর নির্মাণ কাজ শুরু হয়ে ২০২৩ সালের ১৪ নভেম্বর এটি উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, তিন তলা ফাউন্ডেশনের ওপর নির্মিত দুই তলা ভবনটিতে ভিআইপিসহ মোট ৭টি কক্ষ রয়েছে। এখানে ১৪ জনের রাত্রিযাপনের ব্যবস্থা আছে। এছাড়া ৪০ আসনবিশিষ্ট একটি মাল্টিকুইজিন রেস্তোরাঁ ও কার পার্কিং রয়েছে। রেস্তোরাঁয় একসাথে ৩০ জন পর্যটক খাবার খেতে পারবেন। কিন্তু সব সুযোগ-সুবিধা থাকার পরও কেন্দ্রটিতে পর্যটকের সংখ্যা একেবারেই নেই।

কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মো. সাইফুদ্দিন আমার দেশকে বলেন, ‘গত এক সপ্তাহে এই কেন্দ্রে মাত্র ৫ জন পর্যটক এসেছেন। এর আগের সপ্তাহে কোনো পর্যটকই আসেনি। কোনো কোনো সপ্তাহে তো একজনও আসেন না। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আমরা আশানুরূপ পর্যটক পাচ্ছি না। এ কারণে পর্যটন কেন্দ্রটি পরিচালনার জন্য প্রতি বছর সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে।’

তবে তিনি দাবি করেন, এই পর্যটন কেন্দ্রের পরিচিতি সারা দেশেই রয়েছে এবং অনলাইনেও বুকিং পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কেন্দ্রটির পর্যাপ্ত প্রচার না থাকায় কোটি টাকার এই স্থাপনা মুখ থুবড়ে পড়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে সরকারের এই বিনিয়োগ পুরোটাই লোকসানে পড়বে বলে মনে করছেন তারা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন