বুড়িগঙ্গায় ডুবে যাওয়া দুই শিশুর লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া দুই শিশুর লাশ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গার আদী চ্যানেল থেকে দু্ই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহতদের নাম সাইফ (৯) ও রোহান (৮)। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল থেকে তারা নিখোঁজ ছিল বলে জানিয়েছে পরিবার।

নৌ-পুলিশের বরিসুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাঈফ কামরাঙ্গীরচরের রহমতবাগ এলাকার নুর নবীর ছেলে এবং রোহান একই এলাকার মো. সোহেলের ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তারা বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তাদের কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে বুড়িগঙ্গার তীরে শিশুদের স্যান্ডেল দেখতে পান স্বজনরা। পরে নদী ও আশেপাশের কচুরিপানার মধ্যে তল্লাশি চালিয়ে দুই শিশুর ভাসমান লাশ পাওয়া যায়।

এসআই মো. আনোয়ার হোসেন জানান, শিশু দুটির কেউই সাঁতার জানত না। নদীর পানিতে ভাসমান বাঁশের ভেলা আনতে গিয়ে তারা ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্বজনরা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন