তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তার সঙ্গে থাকা কথিত ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে দীপ জানান, ঘটনার দিন তারা দুজন রাজাবাড়ী ঘাট এলাকায় কথা বলছিলেন। এ সময় কয়েকজন লোক তাদের ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর দীপ সেখান থেকে পালিয়ে যান।
তদন্ত কর্মকর্তারা শুরু থেকেই দীপকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়।
এদিকে, তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তার ব্যবহৃত নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
পিবিআইয়ের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানিয়েছেন, দীপের দেওয়া বক্তব্য ও উদ্ধার করা মোটরসাইকেলের বিষয়ে গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পিবিআই নৌ পুলিশকে সার্বিক সহায়তা দিচ্ছে।
এর আগে গত বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তার বাবা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


