রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চুরির চেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় দুই চোরকে আটক করা হলেও তাদের হামলায় একজন আনসার সদস্য আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের নিচতলায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো— রেজাউল (২৯) ও মো. রাতুল (১৯)।
যেভাবে সংগঠিত হয় ঘটনা:
বাহিনী সূত্রে জানা গেছে, রাতে জানালার গ্রিল কেটে এক চোর ভবনের ভেতরে প্রবেশ করে এবং অন্যজন বাইরে পাহারায় থাকে। তারা ভেতরের পানির কল ভাঙার চেষ্টা করলে শব্দ শুনে ডিউটিরত আনসার সদস্যরা সেখানে ছুটে যান।
এপিসি মো. কাওসার হোসেন ও আনসার সদস্য মো. আজিজুর রহমান চোরদের ধরার চেষ্টা করলে এক দুর্বৃত্ত পানির কল দিয়ে কাওসার হোসেনের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তবে সহকর্মীর ওপর হামলার পরও দমে না গিয়ে অন্য সদস্যরা সাহসিকতার সাথে দুই চোরকেই হাতেনাতে ধরে ফেলেন।
আহত আনসার সদস্য:
আহত এপিসি মো. কাওসার হোসেনকে তাৎক্ষণিকভাবে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় সেলাই লেগেছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আটককৃত দুই চোরকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিরাপত্তা জোরদার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, শেরেবাংলা নগরের এই ঘটনাটি প্রমাণ করে যে, প্রতিকূল পরিস্থিতিতেও আনসার সদস্যরা জননিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

