একটা ব্র্যান্ড তখনই শক্তিশালী হয়, যখন এর পেছনে থাকা মানুষগুলো (মার্কেটাররা) নিজেরাই শক্তিশালী পারসোনাল ব্র্যান্ড গড়ে তোলেন। একজন মার্কেটার হিসেবে আপনি যত বেশি নিজের নাম, দক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রতিষ্ঠিত করবেন, তত বেশি সুযোগ, প্রভাব ও গ্রোথ অর্জন করবেন।
কর্মজীবনে পারসোনাল ব্র্যান্ডিং অনেক গুরুত্বপূর্ণ। ক্রেতাদের বিশ্বাস অর্জনের জন্য যেমন ভালো পণ্য জরুরি, তেমনি প্রতিষ্ঠানের পেছনের মানুষগুলোর খ্যাতিও দারুণভাবে গ্রহণযোগ্য। বর্তমানে মানুষ কোনো পণ্য বা সেবার ব্যাপারে বিজ্ঞাপনের চেয়ে বিশ্বস্ত ও গ্রহণযোগ্য মানুষের কথাকে বেশি গুরুত্ব দেয়। একজন ক্লায়েন্টের চোখে আপনি তখনই আলাদা হবেন, যখন আপনার একটি (Unique Identity) থাকবে। পারসোনাল ব্র্যান্ডিং সেজন্যই অপরিহার্য।
কীভাবে গড়ে তুলবেন নিজের ব্যক্তিগত ব্র্যান্ড
১. নিজের উদ্দেশ্য নির্ধারণ করুন
ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির প্রথম ধাপ হলো নিজের লক্ষ্য, মূল্যবোধ ও উদ্দেশ্য বোঝা। নিজেকে কয়েকটি প্রশ্ন করা যেতে পারে—
• আমি কোন বিষয়ে আগ্রহী?
• মানুষ আমাকে কোন দক্ষতার জন্য চিনুক বলে আমি চাই?
• আমার কাজ বা দক্ষতা অন্যদের কীভাবে উপকার করে?
এই প্রশ্নগুলোর উত্তর থেকেই তৈরি হয় আপনার ব্যক্তিগত মূল্য বা ভ্যালু প্রপোজিশন। অর্থাৎ বোঝা যায়, চাকরির বাজারে আপনার মূল্য ঠিক কতটা।
২. নিজের বর্তমান অবস্থান মূল্যায়ন করুন
আপনার বর্তমান পরিচিতি কী এবং মানুষ আপনাকে কীভাবে দেখে, এ বিষয়টি নিয়ে চিন্তা করুন। এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ—আপনার শিক্ষা ও অর্জন, আপনার যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের দক্ষতা এবং জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া দক্ষতা। এগুলোর বিশ্লেষণ থেকে বোঝা যায়, আপনি বর্তমানে কোন অবস্থানে আছেন এবং কোথায় যেতে চান।
৩. নিজের গল্প তৈরি করুন
মানুষ তথ্য নয়, বরং গল্পই মনে রাখে। তাই নিজের অভিজ্ঞতা, সাফল্য, এমনকি ব্যর্থতার গল্পও আপনার ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অংশ হতে পারে।
৪. নিজের ব্র্যান্ডকে প্রকাশ করুন
এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত ব্র্যান্ড শুধু ভাবনার মধ্যে থাকলে চলবে না, এটি প্রকাশ করতে হবে। এর জন্য কর্মক্ষেত্রে আচরণ ও কাজের মাধ্যমে, সামাজিক যোগাযোগমাধ্যমে এবং পেশাগত নেটওয়ার্কে যেভাবে পারুন নিজের দক্ষতা ও যোগ্যতা তুলে ধরার চর্চা করতে হবে। তবে মনে রাখতে হবে, বাড়াবাড়ি করা যাবে না।
৫. নেটওয়ার্ককে কাজে লাগান
ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে শুধু নিজের প্রচেষ্টা নয়, অন্য মানুষের সমর্থনও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে চার ধরনের মানুষ গুরুত্বপূর্ণ হতে পারে।
ক. গেটকিপারস : তারা আপনার লক্ষ্য পূরণে সিদ্ধান্তমূলক ভূমিকা রাখেন, যেমন আপনার বস।
খ. ইনফ্লুয়েন্সারস : তারা আপনার পরিচিতি বাড়াতে সাহায্য করতে পারেন, যেমন আপনার সহকর্মী।
গ. মেন্টরস : তারা আপনাকে সমর্থন করেন, যেমন আপনার বন্ধু বা সহকর্মী।
ঘ. কমিউনিটি : যাদের সঙ্গে আপনার আগ্রহ ও লক্ষ্য মিলে যায়।
৬. নিয়মিত পর্যালোচনা করুন
ব্যক্তিগত ব্র্যান্ড একবার তৈরি করলেই শেষ—বিষয়টি কিন্তু এমন নয়। সময়ের সঙ্গে সঙ্গে এটির পরিবর্তন ও উন্নয়ন প্রয়োজন। সহকর্মী, বন্ধু বা মেন্টরদের কাছ থেকে মতামত নিয়ে নিজের ব্র্যান্ডকে আরো শক্তিশালী করা যায়। নতুন নতুন দক্ষতা আপনার ব্যক্তিগত ব্র্যান্ডকে আরো ঝকঝকে ও শানিত করে।
বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে শুধু দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, নিজেকে সঠিকভাবে উপস্থাপনও গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ড আপনাকে শুধু পরিচিতিই দেয় না; বরং আপনাকে সঠিক সময়ে সঠিক সুযোগ ও মানুষের সঙ্গে যুক্ত করে। তাই নিজের মূল্য বুঝে সচেতনভাবে সেটি প্রকাশ করতে পারলেই পারসোনাল ব্র্যান্ডিং হয়ে উঠতে পারে আপনার পেশাগত জীবনে সফলতার অন্যতম হাতিয়ার।
জেনে রাখুন
শুধু নিজের ব্যবসার প্রচার করলে ফলোয়াররা আপনার কথাকে তেমন গুরুত্ব দেবে না। পুরো ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে হবে। নিজের জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করতে হবে। এর বাইরেও নিজের ব্যক্তিগত ভাবনা, বিভিন্ন ইস্যু ও সামাজিক বিষয় নিয়ে নিজের মতামত দিতে হবে। নিজের কর্মকাণ্ড নিয়েও পোস্ট দিতে পারেন। সোজা কথা, ফলোয়াররা যেন মনস্তাত্ত্বিকভাবে আপনাকে আপন ভাবতে শুরু করে। ব্যবসার প্রতিনিধিত্বকারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে নিজের প্রচার করুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

