ইনডোর প্ল্যান্টের সুবিধা

ইনডোর প্ল্যান্টের সুবিধা

ইনডোর প্ল্যান্টের রয়েছে অনেক উপকারিতা। ইনডোর প্ল্যান্ট শুধু বাড়ির সৌন্দর্যই বাড়ায় না, এতে রয়েছে অসংখ্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুবিধা। মানসিক চাপ কমানো এবং মনোযোগ বাড়ানো থেকে শুরু করে উৎপাদনশীলতা ও বাতাসের গুণমান বৃদ্ধি—সব ক্ষেত্রেই এর ভূমিকা রয়েছে। বাড়িতে ইনডোর প্ল্যান্ট রাখার আগে এর গুণগুলো জেনে নেওয়া যাক—

আমাদের জীবন দিন দিন যান্ত্রিক হয়ে উঠছে। শহুরে ইট, কাঠ ও কংক্রিটে বন্দি হয়ে পড়ছে জীবন। এক বুক বিশুদ্ধ বাতাস নেওয়া যেন কঠিন। তাই ঘরকে প্রাণ দিতে ইনডোর প্ল্যান্ট আস্তে-ধীরে হলেও ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে। যেসব গাছ ঘরে রাখলে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে বাধাপ্রাপ্ত হয় না, মূলত সেগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে বিবেচনা করা হয়। এই গাছগুলো যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো।

বিজ্ঞাপন

ইনডোর প্ল্যান্ট বাতাসকে বিশুদ্ধ করে

নাসার গবেষণায় দেখা গেছে, কিছু ইনডোর প্ল্যান্ট ক্ষতিকারক পদার্থ যেমন কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড, অ্যামোনিয়া, কার্বন ডাই-অক্সাইডসহ আরো অনেক কিছু দূর করে। এগুলো মূলত মাথাব্যথা, ক্লান্তি, অসুস্থতা ও অ্যালার্জির কারণ হিসেবে পরিচিত। ঘরে কিছু ইনডোর প্ল্যান্ট যুক্ত করা হলে বাতাসের গুণমান বাড়বে এবং বাতাস আরো পরিষ্কার হবে।

মানসিক চাপ কমায়

সবুজ রঙ দেহ ও মনে প্রশান্তি আনে। চারপাশে গাছপালা একধরনের মানসিক শান্তি আনে। তাছাড়া মনের চাপ কমাতে ও রক্তচাপ কমাতে ইনডোর প্ল্যান্ট সাহায্য করে। ‘জার্নাল অব ফিজিওলজিক্যাল অ্যানথ্রোপলজি’তে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, উদ্ভিদের আশপাশে থাকলে তা শরীর ও মন উভয়ের ওপরই শান্ত প্রভাব ফেলে। গবেষণায় অংশগ্রহণকারীরা, যারা ঘরের ইনডোর প্ল্যান্টের কাছাকাছি ছিলেন, তাদের হৃৎস্পন্দন ও রক্তচাপ হ্রাস পেয়েছে। অন্যদিকে, যারা কম্পিউটারে চাপপূর্ণ কাজ সম্পন্ন করেছেন, তাদের এসব চাপের সূচকে অনেকটা বৃদ্ধি দেখা গেছে।

মনোযোগ বৃদ্ধি

মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে আসল গাছপালা কৃত্রিম গাছপালাকে ছাড়িয়ে যায়। MDPI-তে প্রকাশিত একটি গবেষণায় ২৩ জন শিক্ষার্থী বিভিন্ন উদ্ভিদের সেটআপসহ শ্রেণিকক্ষে অধ্যয়ন করেছিল। এতে আসল গাছপালা, নকল গাছপালা এবং উদ্ভিদের ছবি অন্তর্ভুক্ত ছিল। মস্তিষ্কের স্ক্যান থেকে জানা গেছে, আসল গাছপালা নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা কৃত্রিম গাছপালা বা ছবি দ্বারা বেষ্টিত শিক্ষার্থীদের তুলনায় বেশি মনোযোগী ছিল। আপনি যদি আপনার মনোযোগ বাড়াতে চান, তাহলে আসল গাছপালাই মূল বিষয় হতে পারে।

ইনডোর-প্ল্যান্টের-সুবিধা-২

গৃহসজ্জা

যদি গৃহের একঘেয়ে সাজসজ্জা দূর করতে চান, সে ক্ষেত্রে ইনডোর প্ল্যান্টের জুড়ি মেলা ভার। কারণ ইনডোর প্ল্যান্টের রঙ ও আকারে রয়েছে বৈচিত্র্য। বইয়ের শেলফের এক কোনায় ছোট ক্যাকটাস কিংবা ঘরের কোনো ছোট অংশ ফাঁকা লাগলে বড় আকারের একটি পামগাছ ঘরের সৌন্দর্যই বদলে দেবে।

অর্থ সাশ্রয়

গাছপালা আপনার অর্থের একটি ছোট অংশ বাঁচাতে পারে। সাজসজ্জার বাইরেও ব্যবহারিকতা আছে—এমন প্রচুর উদ্ভিদ রয়েছে। যেমন : রোদে পোড়া ত্বক ও চুলের যত্নে ঘৃতকুমারী, রান্নার জন্য অরিগ্যানো, মশা তাড়ানোর জন্য সিট্রোনেলা, খাওয়ার জন্য টমেটো ইত্যাদি। এয়ার ফ্রেশনারের বদলে ল্যাভেন্ডার, রোজমেরি বা পুদিনা লাগাতে পারেন।

অসুস্থতা থেকে দ্রুত সেরে তোলে

গাছপালা শুধু সাজসজ্জার জন্য নয়, এগুলো আপনাকে অসুস্থতা বা অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হতেও সহায়তা করতে পারে। প্রাকৃতিক উপাদান, যেমন গাছপালা আছে—এমন পরিবেশে সুস্থ হয়ে ওঠা রোগীদের ব্যথার ওষুধের প্রয়োজন কম এবং গাছপালা ছাড়া ঘরে থাকা রোগীদের তুলনায় হাসপাতালে কম সময় থাকার প্রয়োজন হয়।

থেরাপিউটিক সুবিধা

ইনডোর প্ল্যান্ট শুধু অবসরের জন্য নয়—এটি থেরাপিউটিকও হতে পারে। উদ্বেগ, বিষণ্ণতা এবং এমনকি ডিমেনশিয়ার মতো মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা উদ্যানতত্ত্ব থেরাপির মাধ্যমে স্বস্তি পেয়েছেন। এ ধরনের থেরাপিতে গাছপালা রোপণ ও যত্ন নেওয়া জড়িত, যা মেজাজ উন্নত করে এবং সামগ্রিক সুস্থতা বাড়ায় বলে প্রমাণিত হয়েছে।

প্রোডাক্টিভিটি বৃদ্ধি

শুধু চাপ কমানোর নয়—গাছপালা প্রোডাক্টিভিটিও বাড়াতে পারে। গাছপালা আছে—এমন জায়গায় কাজ করা ব্যক্তিরা বেশি সৃজনশীল ও প্রোডাক্টিভ হন। আপনার কর্মক্ষেত্রে গাছপালা রাখুন। এগুলো আপনাকে দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ করতে সাহায্য করবে, পাশাপাশি চাপ এবং অমনোযোগও কমাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন