শীতে রুক্ষ চুলের যত্ন

আমানুর রহমান

শীতে রুক্ষ চুলের যত্ন

হেমন্তের শেষভাগ থেকেই প্রকৃতিতে শীতের আগমনী বার্তা অনুভূত হতে শুরু করে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর প্রভাব পড়ে আমাদের ত্বক ও চুলেও। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় চুল তার স্বাভাবিক কোমলতা ও উজ্জ্বলতা হারাতে শুরু করে। দেখা দেয় রুক্ষতা, আগা ফাটা, চুল ভেঙে যাওয়া এবং অতিরিক্ত জটের সমস্যা। বিশেষ করে যাদের চুল আগে থেকেই শুষ্ক, তাদের ভোগান্তি বাড়ে কয়েক গুণ। তবে ঘরে থাকা কিছু পরিচিত উপাদান ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে চুলের স্বাভাবিক সৌন্দর্য অনেকটাই ধরে রাখা সম্ভব। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস।

বিজ্ঞাপন

ঋতু পরিবর্তনের প্রভাব

হেমন্তে বাতাসের আর্দ্রতা কমতে শুরু করলে চুলের বাইরের স্তর থেকে আর্দ্রতা দ্রুত হারাতে পারে। ফলে চুলের স্বাভাবিক কোমলতা কমে যায় এবং রুক্ষতা ও জট বাড়ে। মাথার ত্বকেও দেখা দিতে পারে শুষ্কতা ও চুলকানি। তবে শুধু ঠান্ডা আবহাওয়াই মাথার ত্বকের প্রাকৃতিক তেল বা সিবাম কমিয়ে দেয় না; অতিরিক্ত গরম পানি, ঘনঘন শ্যাম্পু এবং কড়া ক্লিনজার ব্যবহারের কারণেও ত্বকের স্বাভাবিক তেলের পরিমাণ কমে যেতে পারে। অন্যদিকে ঘর্ষণ, অতিরিক্ত তাপ ও রাসায়নিক উপাদানের ব্যবহারে চুলের আগা ফেটে যেতে পারে। তাই শীতকালীন পরিচর্যায় চুল ও মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখা জরুরি।

ঘরোয়া পুষ্টিকর মাস্ক

রুক্ষ চুলের পরিচর্যায় ডিম ও দইয়ের পাশাপাশি ব্যবহার করা যায় কলা, মধু, অ্যাভোকাডো, পেঁপে ও তিসি বীজ। আধা পাকা কলা ভালোভাবে চটকে বা ব্লেন্ড করে তাতে এক টেবিল চামচ মধু মিশিয়ে তৈরি করুন একটি পুষ্টিকর মাস্ক। চুলের মাঝামাঝি অংশ থেকে আগা পর্যন্ত লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। বিকল্প হিসেবে আধা কাপ পাকা পেঁপে অথবা আধা অ্যাভোকাডো এক চা-চামচ অলিভ অয়েলের সঙ্গে মিশিয়েও মাস্ক তৈরি করা যায়। তিসির জেল বানাতে দুই টেবিল চামচ তিসি বীজ এক কাপ পানিতে জ্বাল দিয়ে ছেঁকে ঠান্ডা করুন। এরপর চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। একবারে একটি মাস্ক ব্যবহার করাই ভালো। এসব উপাদান চুলে সাময়িক কোমলতা ও মসৃণতা আনতে সহায়ক হতে পারে। তবে ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নেওয়া উচিত।

উষ্ণ তেলের পরিচর্যা

শীতের শুষ্কতা থেকে চুলকে কিছুটা সুরক্ষা দিতে উষ্ণ তেলের পরিচর্যা কার্যকর হতে পারে। এ ক্ষেত্রে নারকেল, আমন্ড ও অলিভ অয়েলের যেকোনো একটি বেছে নেওয়া যায়। এক থেকে দুই টেবিল চামচ তেল একটি পাত্রে নিয়ে গরম পানির ওপর রেখে হালকা কুসুম গরম করুন। সরাসরি আগুনে তেল গরম করা উচিত নয়। এরপর আঙুলের ডগায় অল্প অল্প করে তেল নিয়ে চুলের মাঝামাঝি অংশ ও আগায় লাগান। মাথার ত্বক শুষ্ক হলে তিন থেকে পাঁচ মিনিট আলতোভাবে ম্যাসাজ করতে পারেন। মনে রাখতে হবে, তেল চুলের আর্দ্রতা আটকে রাখতে ও ঘর্ষণ কমাতে সাহায্য করতে পারে, তবে অতিরিক্ত তাপ বা ক্ষতি পুরোপুরি সারাতে পারে না।

ভেষজ পানির ব্যবহার

চুলের পরিচর্যায় চালধোয়া পানি, গ্রিন টি ও আমলকী ভেজানো পানি অনেকে ব্যবহার করেন। এগুলোকে ঘরোয়া টিপস হিসেবে ব্যবহার করা গেলেও চুলের পিএইচ ভারসাম্য ঠিক রাখা বা চুল দ্রুত লম্বা করার ক্ষেত্রে এগুলোর কার্যকারিতার যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। চালের পানি ব্যবহার করতে চাইলে পরিষ্কার চাল অল্প সময় পানিতে ভিজিয়ে সেই পানি পাতলা করে চুলে লাগানো যায়। তবে গাঁজানো চালের পানি ব্যবহারে সতর্ক থাকা জরুরি, কারণ এতে জীবাণু জন্মানোর ঝুঁকি থাকে। বিকল্প হিসেবে ঠান্ডা গ্রিন টি অথবা আমলকী-ভেজানো পানি ব্যবহার করা যেতে পারে। রিঠা প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে পরিচিত হলেও শুষ্ক চুলে এটি অতিরিক্ত ব্যবহার করা ঠিক নয়। যেকোনো ভেষজ রিন্স ব্যবহারের পর চুল ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। চুলের কোমলতা ও আর্দ্রতা ধরে রাখতে এসব উপাদানের পাশাপাশি কন্ডিশনার ব্যবহারই বেশি নির্ভরযোগ্য।

গোসলের সঠিক নিয়ম

শীতের গোসলে আরাম পেতে অনেকেই অতিরিক্ত গরম পানি ব্যবহার করেন। এই অভ্যাস চুল ও মাথার ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে শুষ্কতা বাড়াতে পারে। তাই চুল ধোয়ার সময় কুসুম গরম অথবা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করা ভালো। শুষ্ক চুলের জন্য মৃদু ও প্রয়োজনে সালফেটমুক্ত শ্যাম্পু বেছে নেওয়া যেতে পারে। শ্যাম্পু মূলত মাথার ত্বকে ব্যবহার করুন; চুলের দৈর্ঘ্য বরাবর জোরে ঘষার প্রয়োজন নেই। প্রতিবার শ্যাম্পুর পর চুলের মাঝামাঝি অংশ থেকে আগা পর্যন্ত কন্ডিশনার লাগান। এতে চুলের জট কমবে এবং কোমলতা বজায় থাকবে।

পোশাকের ঘর্ষণ প্রতিরোধ

শীতের উলের টুপি, মাফলার ও মোটা কলারের সঙ্গে চুলের বারবার ঘর্ষণ হলে চুলে জট তৈরি হতে পারে এবং ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়ে। এ সমস্যা কমাতে টুপি বা মাফলারের ভেতরে সিল্ক কিংবা সাটিনের পাতলা স্কার্ফ ব্যবহার করা যেতে পারে। রাতে ঘুমানোর সময় সুতির বালিশের কভারের পরিবর্তে সাটিন বা সিল্কের কভার ব্যবহার করলেও চুলের ঘর্ষণ কিছুটা কমে। ঘুমানোর আগে চুল আলগা করে বেঁধে রাখা, কিংবা হালকাভাবে বেণি করে নেওয়া ভালো। ভেজা চুল তুলনামূলকভাবে বেশি নাজুক হওয়ায় তোয়ালে দিয়ে জোরে ঘষে শুকানো উচিত নয়; বরং আলতোভাবে চেপে পানি শুষে নিতে হবে। চুলের জট ছাড়াতে চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করা ভালো।

ভেতর থেকে পুষ্টি

চুলের সুস্থতা কেবল বাহ্যিক পরিচর্যার ওপর নির্ভর করে না; প্রয়োজন সুষম খাদ্যাভ্যাসও। শীতকালে পানি পানের প্রবণতা কমে গেলেও শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পানি পান করতে হবে। চুলের গঠন ও বৃদ্ধির জন্য প্রোটিন গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ, ডিম, দুধ, ডাল ও মাংসের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা উচিত। পাশাপাশি আয়রন ও জিঙ্কের চাহিদা পূরণে শাকসবজি, ডাল, বাদাম ও বীজ খাওয়া যেতে পারে। আমলকী, কমলা, পেয়ারা ও জলপাইয়ের মতো মৌসুমি ফলে রয়েছে ভিটামিন সি, যা শরীরে আয়রন শোষণে সহায়তা করে। অন্যদিকে সামুদ্রিক মাছ, তিসি বীজ ও আখরোটে পাওয়া যায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। অতিরিক্ত খাদ্যনিয়ন্ত্রণের কারণেও চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। `তাই প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ভিটামিন বা খনিজ উপাদানের সম্পূরক গ্রহণ করা উচিত নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন