বরিশালের উজিরপুরে প্রায় ১৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সানুহার আরএইচডি–ধামুরা জিসি–জল্লা–সাতলা জিসি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সড়কটির চেইনেজ ০.০০ থেকে ৮,০০০ মিটার পর্যন্ত উন্নয়ন করা হবে। এ কাজের চুক্তিমূল্য ১৪ কোটি ২০ লাখ ৯৯ হাজার ২৬০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজটি বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স মনিরুল হক, ভৈরব, কিশোরগঞ্জ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন যুগলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান শাহিন শিকদার, উপজেলা যুবদল সভাপতি আ প ম সামসুদ্দোহা আজাদ, উপজেলা শ্রমিক দল সভাপতি জিয়াউল আমিন রাড়ি, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, বরিশাল বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ মিরাজ হোসেন ডালিম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, সানুহার–ধামুরা–জল্লা–সাতলা সড়কটি উজিরপুরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। সড়কটি প্রশস্ত ও শক্তিশালী করা হলে দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি যানবাহন চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং এ অঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে বলে আশা করছেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

