রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে গত ১ অগাস্ট থেকে চলছে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব। এই উৎসব চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
উৎসবের অংশ হিসেবে আজ শুক্রবার সকাল ৭টায় ঢাকা গেট থেকে নগর ভবন পর্যন্ত ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ বের হয়। পরদিন ১৫ অগাস্ট মতিঝিল শাপলা চত্বর থেকে সোয়ারীঘাট পর্যন্ত হবে ‘ঢাকা হেরিটেজ রান’।
ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে নাগরিকদের মধ্যে শহরের প্রতি আবেগ, গর্ব ও দায়িত্ববোধ জাগাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করেছে। ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু এবং ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভার সূচনার ঐতিহাসিক প্রেক্ষাপটে এ উৎসবের পরিকল্পনা করা হয়। গতকাল বৃহস্পতিবার নগর ভবনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, ঢাকা শহরে কেউ জন্মসূত্রে, কেউ জীবিকার তাগিদে কিংবা শিক্ষার জন্য বসবাস করেন। এই শহর আমাদের আশ্রয় দিয়েছে, আমরা সবাই এই শহরের নাগরিক। কিন্তু শতবর্ষী এই রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে দৃঢ় বন্ধন না থাকায় এই শহরকে অনেকেই আপন করে নিতে পারিনি। ফলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষাসহ সার্বিক বিষয়ে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি।
নাগরিকদের কাছে রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে নাগরিকদের হৃদয়ে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ তৈরির জন্যই এই আয়োজন বলে জানান তিনি।
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, ঢাকা গেট থেকে নগর ভবন পর্যন্ত ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’, মতিঝিল শাপলা চত্বর থেকে বুড়িগঙ্গা মঞ্চ (সোয়ারিঘাট) পর্যন্ত ‘ঢাকা হেরিটেজ রান’, খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, সদরঘাটে শতবছরের পুরোনো বিশেষ হেরিটেজ ক্রুজযোগে পর্যটকদের ভ্রমণ, মধুমিতা সিনেমা হলে ঢাকা নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন, লাভ লেটার টু ঢাকা, শিল্পকলা একাডেমিতে ঢাকা নিয়ে নির্মিত মঞ্চ নাটক, লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঢাকা শোভাযাত্রা (ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি, পালকিসহ)।
এছাড়া আগামী ২৯ আগস্ট বিকাল ৪টায় প্রধানমন্ত্রী তারেক রহমান লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে। আগামী ৩০ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালীসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু। আর ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় আধুনিক নগর প্রশাসনের পথচলা।
কালের বিবর্তনে যা আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তাই ১ আগস্টকে আমরা ‘ঢাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানসহ বাংলাদেশের প্রতিটি গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী এই ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রাজধানী গড়ে তোলাই ডিএসসিসির লক্ষ্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


