মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ড

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ড

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত ছেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে সোমবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামে।

ওই ছেলের নাম আলিফনুর রহমান (২২)। তিনি উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলিফনুর রহমান নিয়মিত মাদক সেবন করে বাড়ি এসে পরিবারের লোকজনের ওপর অত্যাচার চালাতেন। সোমবার দুপুরের দিকে তিনি মাদক সেবন করে মাতলামি করাসহ বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর শুরু করলে তাৎক্ষণিকভাবে তার বাবা পুলিশকে খবর দেন এবং ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী বলেন, মাদকাসক্ত ছেলেকে মাতাল অবস্থায় তার বাবা পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছেলেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন