লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রধান সড়কের শাহী হোটেল দখল চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ফয়সাল হোসেনসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।
সন্ধ্যায় আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ফয়সাল ওরফে শাহরিয়ার ফয়সাল রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে। অন্য আসামিরা হলেন—উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল এবং জেলা কৃষক দলের সদস্য জামাল হোসেন। তারা সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।
আদালত সূত্র জানায়, গত ৩ জুলাই অভিযুক্তরা রায়পুর বাজারের শাহী হোটেল দখলের চেষ্টা করেন এবং একাধিকবার দোকানমালিক হাবিব উল্যাকে ভয়ভীতি দেখান। এ ঘটনায় গত ৮ জুলাই হাবিব বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল, রায়পুর আদালতে মামলা দায়ের করেন। এতে বিএনপি নেতা ফয়সালসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়। বাদী হাবিব রায়পুরের দক্ষিণ কেরোয়া এলাকার মৃত হারিছ মিয়ার ছেলে। পুলিশি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আদালত বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

