রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য। প্রিয়জনের কাছে যাওয়া এবং ফিরে আসার এই ব্যস্ত সময়ে যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সদস্যরা।
আনসার বাহিনীর মুখপাত্র উপ-পরিচালক আশিকুজ্জামান সোমবার (২৩ মার্চ) রাতে এ তথ্য জানান।
জানা গেছে, সেমবার পেশাগত দায়িত্ব পালনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন অঙ্গীভূত আনসার সদস্যরা। রাত আনুমানিক ৮টায় নিয়মিত টহল ডিউটির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন কর্তব্যরত আনসার সদস্যরা। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত স্মার্টফোন দ্রুতই প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়, যা উপস্থিত যাত্রীদের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি তৈরি করে। পরবর্তীতে আনসার সদস্যরা আটককৃত ছিনতাইকারীকে আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের নিকট সোপর্দ করে। ঘটনার সময় উপস্থিত যাত্রীরা আনসার সদস্যদের পেশাদারিত্ব, সততা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে ভূয়সী প্রশংসা করেন।
নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

