নামিবিয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে জর্ডান হারম্যানের নিয়ন্ত্রিত অর্ধশতকে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে স্পিনার বিয়র্ন ফরচুইন ও ডুয়ান জানসেনের দুর্দান্ত বোলিং তোপে ১৮ ওভারে ১৫৭ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ব্রাড ইভান্স ৫৬ রান নিয়ে অপরাজিত থেকে যান। দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। ওপেনার জর্ডান হারম্যান মাত্র ২৯ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন। অন্য ওপেনার উইকেটরক্ষক কনর এস্টারহুইজেন করেন ২৩ বলে ৩২ রান।
মিডল অর্ডারে ডেওয়াল্ড ব্রেভিস (২৩ বলে ৩২) এবং রুবিন হারম্যান (১৬ বলে ২৭) রানের গতি সচল রাখেন। শেষ দিকে ডুয়ান জানসেনের ১৪ বলে ২৩ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রানের বিশাল পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা।
জিম্বাবুয়ের পক্ষে ব্র্যাড ইভানস ৩৬ রানে ২টি এবং নিউম্যান নিয়ামহুরি ৫১ রানে ২টি উইকেট নেন।
২০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ইথান বসের বোলিং তোপে প্রথম ওভারেই খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার বেন কারান। পাওয়ারপ্লেতে দলীয় চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। দলপতি সিকান্দার রাজা আউট হন ১৬ রান করে।
এক প্রান্ত আগলে শেষ দিকে জিম্বাবুয়ের ব্যবধান কমানোর লড়াই চালান ব্র্যাড ইভানস। তিনি ৩১ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫৬* রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে অপর প্রান্তে উইকেটের পতন থমকে না থাকায় ১৮ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার স্পিনার ও অধিনায়ক বিয়র্ন ফরচুইন ২৪ রানে ৩টি এবং পেসার ডুয়ান জানসেন ৩৮ রানে ৩টি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০৫/৫, ২০ ওভার (জর্ডান ৫৩, এস্টারহুইজেন ৩২, ব্রেভিস ৩২, রুবিন ২৭, ডুয়ান ২৩*; ইভানস ২/৩৬, নিয়ামহুরি: ২/৫১)।
জিম্বাবুয়ে: ১৫৭/১০, ১৮ ওভার (ইভানস ৫৬, মাটিগিমু ১৯, রাজা ১৬, বার্ল ১৩; ফরচুইন ৩/২৪, ডুয়ান ৩/৩৮ ও বস ২/২২-২)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৪৮ রানে জিতে চ্যাম্পিয়ন।
ম্যাচসেরা: জর্ডান হারম্যান।
সিরিজ সেরা: ডেওয়াল্ড ব্রেভিস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

