ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন (৫৪) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) একজন কয়েদি ছিলেন।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) দুপুরে কেরানীগঞ্জ কারাগারে মকবুল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী নাজমুল ইসলামসহ নিরাপত্তারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে দায়িত্বরত শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারাগার সূত্রে জানা গেছে, মৃত মকবুল হোসেন সিআর ২৮৭৭/২৬ মামলার অধীনে ৮৬ ধারায় সাজাপ্রাপ্ত হয়ে বন্দি ছিলেন। তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগ এলাকায়। তার বাবার নাম মৃত আলী আহম্মেদ।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

