ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এর মাধ্যমে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালায় বিশেষ অবদানের জন্য টানা চতুর্থবারের মতো এই মর্যাদা পেল ব্যাংকটি।
প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দায়িত্বশীল ব্যাংকিং, টেকসই অর্থায়ন, শক্তিশালী সুশাসন এবং ব্যবসায়িক কার্যক্রমে ইএসজি নীতিমালার সফল বাস্তবায়নের ওপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ব্যাংকটির দীর্ঘমেয়াদি কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা ও অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্তে আন্তর্জাতিক ও জাতীয় টেকসই উন্নয়ন অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়ার ফলেই ধারাবাহিক এ অর্জন সম্ভব হয়েছে।
টেকসই অর্থায়নের অংশ হিসেবে ব্যাংকটি নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব উৎপাদন ও রূপান্তরমুখী বিভিন্ন সবুজ প্রকল্পে অর্থায়ন অব্যাহত রেখেছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), নারী উদ্যোক্তা, কৃষি খাত এবং অনগ্রসর জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা।
এই অর্জন সম্পর্কে প্রাইম ব্যাংক পিএলসির সিইও ফয়সাল রহমান বলেন, টানা চতুর্থবারের মতো ইউরোমানির এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এটি টেকসই অর্থায়ন ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি আমাদের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। আমাদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও অংশীদারদের আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই এই অগ্রযাত্রাকে শক্তিশালী করেছে।
তিনি আরও জানান, দায়িত্বশীল প্রবৃদ্ধিতে অর্থায়নের মাধ্যমে একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রাইম ব্যাংক তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


