ফায়ার সার্ভিসের আবাসন সংকট মেটাতে মিরপুরে ১২ তলা ভবনের নির্মাণকাজ শুরু

ফায়ার সার্ভিসের আবাসন সংকট মেটাতে মিরপুরে ১২ তলা ভবনের নির্মাণকাজ শুরু

মিরপুর ফায়ার স্টেশনের অভ্যন্তরে নির্মিতব্য ১২ তলা বিশিষ্ট বহুতল আবাসিক ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় মিরপুরে প্রথম ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর দেড়টায় প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে মিরপুর ফায়ার স্টেশনের ফায়ারফাইটারদের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট তাকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে। এরপর মঞ্চে প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো. ছরোয়ার হোসেন প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ।

সূচনা বক্তব্য দেন মিরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে পর্যায়ক্রমে বক্তব্য দেন গণপূর্ত প্রধান কার্যালয়ে কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উন্নয়ন উইং) মো. নুরুজ্জামান হোসেন জহির এবং স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ভবনের নকশাকার নূর-এ আসমানি।

এরপর বিশেষ অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো. ছরোয়ার হোসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ গণপূর্ত, পিডব্লিউডি ও স্থাপত্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।

সবশেষ প্রধান অতিথির ভাষণে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

তিনি বলেন, “ভবনটি নির্মাণ হলে ৪৪টি পরিবার ১২৫০ বর্গফুট আয়তনের বাসায় বসবাস করতে পারবে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।”

তিনি আরও জানান, “ভবনটি সর্বাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এবং এতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বসবাসের সুবিধা নিশ্চিত করা হয়েছে।”

বক্তব্য শেষে প্রধান অতিথি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে ভবন নির্মাণস্থলের প্রতীকী মাটি কেটে কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সবাই মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ফায়ার সার্ভিস, পিডব্লিউডি ও গণপূর্তের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঠিকাদার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন