ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শীর্ষক সেমিনার ও ট্রেনিং কিট হস্তান্তর

ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শীর্ষক সেমিনার ও ট্রেনিং কিট হস্তান্তর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে “ক্যারিয়ার অপরচুনিটিজ ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড পিএলসি টেকনোলজি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে মিতসুবিশি ইলেকট্রিক কোম্পানির পক্ষ থেকে বিভাগে অটোমেশন ট্রেনিং কিট হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার জাপানের মিতসুবিশি ইলেকট্রিক গ্রুপের প্রতিষ্ঠান সেতসুয়ো অ্যাসটেক করপোরেশনের বাংলাদেশ শাখা এবং প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, “শিল্পখাতে দক্ষ মানবসম্পদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই ডুয়েটের লক্ষ্য। আজকের সেমিনার এ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিতসুবিশি ইলেকট্রিক প্রদত্ত আজকের অত্যাধুনিক ট্রেনিং কিটগুলো শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্সের ব্যবহারে ইন্ডাস্ট্রিগুলোর র্যাপিড ট্র্যান্সফরমেশনের এ সময়ে শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনের জন্য যোগ্য হিসেবে প্রস্তুত করতে পারবে এবং অটোমেশন খাতে গবেষণায় সংযুক্ত হতে পারবে। আজকের এ সেমিনার তাদের ক্যারিয়ার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি সেমিনার আয়োজনে সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান এবং তাদের সাথে ডুয়েটের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে বিদ্যমান ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সেতসুয়ো অ্যাসটেক করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসাহিরো ফুজিসাওয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ইইই বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন, জাপান-বাংলাদেশ এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের সিনিয়র ডিরেক্টর শেখ মো. শরীফুল আলম, সেতসুয়ো অ্যাসটেক করপোরেশন বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউসুকে ইমাগাওয়া এবং প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এম এন আমিন।

সেমিনার শেষে মিতসুবিশি ইলেকট্রিক কোম্পানি আনুষ্ঠানিকভাবে ইইই বিভাগের প্রধানের কাছে অটোমেশন ট্রেনিং কিট হস্তান্তর করে। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন