আন্তর্জাতিক দক্ষতা বাড়াতে গাকৃবিতে জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু

আন্তর্জাতিক দক্ষতা বাড়াতে গাকৃবিতে জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু

শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষা কোর্সের যাত্রা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাব (গাকৃবি-এলপিডিসি)-এর উদ্যোগে তিন মাসব্যাপী বেসিক জাপানি ভাষা এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) প্রস্তুতি কোর্স চালু করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন নবপ্রবর্তিত জাপানি ভাষা শিক্ষা কোর্সের কোর্স ইন্সট্রাক্টর প্রফেসর ড. মো. আমজাদ হোসেন। কোর্সের প্রথম ব্যাচে নিবন্ধনকারী ৩৫ জন শিক্ষার্থী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। পরে কোর্স ইন্সট্রাক্টর প্রফেসর ড. মো. আমজাদ হোসেন জাপানি ভাষা শিক্ষা কোর্সের পাঠক্রম, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।

তিনি বলেন, ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক বৃত্তি এবং জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ গ্রহণে আরও সক্ষম হয়ে উঠবে।

এ সময় গাকৃবি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট সাজ্জাতুল ইসলাম শাওন ক্লাবের পূর্ববর্তী কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক ভাষা শিক্ষা, সফট স্কিল উন্নয়ন ও ব্যক্তিত্ব বিকাশমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ বলেন, বর্তমান বিশ্বে ভাষাগত দক্ষতার গুরুত্ব অনেক বেশি। আন্তর্জাতিক ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা আরও সমৃদ্ধ করতে পারবে।

পরে প্রধান অতিথি হিসেবে জাপানি ভাষা শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "আজকের বিশ্বে শুধু একাডেমিক সাফল্যই যথেষ্ট নয়, আন্তর্জাতিক ভাষা, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গিও সমান গুরুত্বপূর্ণ। জাপানি ভাষা শিক্ষা আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন জ্ঞান, গবেষণা, প্রযুক্তি, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।"

তিনি আরও বলেন, এ উদ্যোগ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আরও আন্তর্জাতিকমুখী করে তুলবে এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন