বিপিপিএ- এর সঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতবিনিময়

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিপিপিএ- এর সঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতবিনিময়

পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. জোনায়েদ সাকি এমপি ১৮ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ভবনের সম্মেলন কক্ষে বিপিপিএ- এর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি বিপিপিএ-এর কার্যক্রম, দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত হন।

বিপিপিএ-এর ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী মাননীয় প্রতিমন্ত্রী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব জনাব সিরাজুন নূর চৌধুরী এবং বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারি ক্রয় ব্যবস্থার সংস্কারের পটভূমি, সরকারি ক্রয়ের ডিজিটাল রূপান্তর, বিদ্যমান আইন ও বিধিমালা, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থার কার্যক্রম ও অগ্রগতি, বিপিপিএ-এর সাংগঠনিক কাঠামো ও অর্জন, টেকসই সরকারি ক্রয় (এসপিপি), বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন।

মাননীয় প্রতিমন্ত্রী ই-জিপি ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করার ওপর গুরুত্বারোপ করে বলেন, যাতে সকল অংশীজন সহজে নিবন্ধন করতে পারেন এবং কোনো ধরনের অপ্রয়োজনীয় জটিলতা ছাড়াই সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।

বিপিপিএকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিপিপিএ-এর কার্যক্রম, সাংগঠনিক কাঠামো এবং ই-জিপি ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত জানার জন্য পরামর্শমূলক সভা আয়োজনের নির্দেশ দেন। তিনি বলেন, এ ধরনের পরামর্শ সভা বিপিপিএ-এর জনবল, সক্ষমতা উন্নয়ন, ই-জিপি প্ল্যাটফর্মের আরও সহজীকরণ এবং এর আওতা সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিরূপণে সহায়ক হবে।

এছাড়া, সরকারি ক্রয়ে দরপত্রদাতাদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বিকেন্দ্রীকরণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শিগ্‌গিরই একটি অংশীজন পরামর্শ সভার আয়োজন করা হবে। এসব পরামর্শ সভায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে বিপিপিএ এবং ই-জিপি ব্যবস্থার সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রণয়ন করে সরকারের কাছে উপস্থাপন করা হবে। তিনি আরও জানান, সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকারি ক্রয় আইন এবং সরকারি ক্রয় বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও সরকারের কাছে উপস্থাপন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...