ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে পরিবেশবান্ধব গ্রিন আইসিইউ

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে পরিবেশবান্ধব গ্রিন আইসিইউ

দেশের সর্বাধুনিক ও পরিবেশবান্ধব ২৫ শয্যার গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ, ট্রান্সপ্লান্ট আইসিইউ এবং সার্জিক্যাল এইচডিইউ চালু করেছে ঢাকার মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। বুধবার উদ্বোধন করা এসব বিশেষায়িত চিকিৎসাসুবিধার মধ্যে রয়েছে দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রিন গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্লান্ট আইসিইউ।

বিজ্ঞাপন

অত্যাধুনিক এসব চিকিৎসাসুবিধায় ২৫টি পৃথক কেবিনে ২৫টি শয্যা রয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক বায়ু পরিশোধন ব্যবস্থা ও দিনব্যাপী সূর্যের আলো প্রবেশের সুবিধাসহ বিভিন্ন আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে।

জটিল গ্যাস্ট্রো-লিভার রোগ ও বড় ধরনের অস্ত্রোপচারের রোগীদের জন্য চালু করা হয়েছে ১৪ শয্যাবিশিষ্ট গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ। প্রতিটি রোগীর জন্য রয়েছে পৃথক কেবিন। এর ফলে রোগীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানোর পাশাপাশি চিকিৎসক ও নার্সিং টিমের পক্ষে প্রতিটি রোগীর নিবিড় পরিচর্যা নিশ্চিত করা সম্ভব হবে। সংকটাপন্ন রোগীদের দ্রুত চিকিৎসা ও পর্যবেক্ষণের পাশাপাশি অন্য রোগীদের নিরাপদ রাখতেও এই ব্যবস্থা সহায়ক হবে।

লিভার ট্রান্সপ্লান্ট ও ট্রান্সপ্লান্ট-পরবর্তী রোগীদের জন্য চালু করা হয়েছে দেশের প্রথম ছয় শয্যাবিশিষ্ট স্বতন্ত্র ট্রান্সপ্লান্ট আইসিইউ। প্রতিটি কেবিনে রয়েছে নিজস্ব ওয়াশরুম, স্বতন্ত্র হেপা ফিল্টার ও নিয়ন্ত্রিত বায়ু পরিশোধন ব্যবস্থা। এসব সুবিধা সংক্রমণের ঝুঁকি কমিয়ে নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।

বাংলাদেশের প্রথম গ্রিন আইসিইউ হিসেবে এই উদ্যোগে স্বাস্থ্যকর পরিবেশ, উন্নত বায়ু নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে মহামারিসহ সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় পৃথক ও নিয়ন্ত্রিত আইসিইউ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ ছাড়া পাঁচ শয্যাবিশিষ্ট সার্জিক্যাল HDU চালু করা হয়েছে। এতে আইসিইউ-নির্ভরতার মাত্রা তুলনামূলক কম এমন রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে। এর আধুনিক সুবিধা ও ব্যবস্থাপনা দেশের অন্যান্য বিদ্যমান HDU সুবিধার তুলনায় অনন্য বলে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের এক্সিডেন্ট, ইমার্জেন্সি কেয়ার অ্যান্ড সার্জিক্যাল আইসিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আশরাফুল হক বলেন, ‘এই বিশেষায়িত আইসিইউ চালুর মাধ্যমে বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ারের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষায়িত চিকিৎসা দক্ষতার সঙ্গে অত্যাধুনিক অবকাঠামো, নিয়ন্ত্রিত পরিবেশ এবং উন্নত সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে ট্রান্সপ্লান্ট, গ্যাস্ট্রো-লিভার ও জটিল সার্জারির রোগীদের জন্য আরও সমন্বিত ক্রিটিক্যাল কেয়ার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন বলেন, ‘এই অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার ও ট্রান্সপ্লান্ট আইসিইউ-এর মাধ্যমে বাংলাদেশে জটিল রোগের চিকিৎসাকে আরও উন্নত ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য, দেশের মানুষ যেন জটিল চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পাওয়ার আস্থা ও সুযোগ পান।’

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা, অ্যাডভাইজার আখতার মাহমুদ রানা, ইউনাইটেড হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর নিজামউদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ, ইউনাইটেড গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তারা, ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা, মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর, প্রধান আর্থিক ও ব্যবসায়িক কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে প্রথম রোবোটিক সার্জারি চালুর পর রোগীদের বিশ্বমানের চিকিৎসা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিল এই উদ্যোগ। জটিল ও সংকটাপন্ন রোগীদের জন্য উন্নত প্রযুক্তি, বিশেষায়িত চিকিৎসা এবং আধুনিক ক্রিটিক্যাল কেয়ার সুবিধা নিশ্চিত করে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন