ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স “Run & Rise for Humanity, Recall 102” স্লোগানকে সামনে রেখে আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২ । এ উপলক্ষে আগামী ৫ অক্টোবর বেলা ১২টা থেকে ম্যারাথনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে।
ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-কে সবার মাঝে পরিচিত করা এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ২৮ নভেম্বর আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২ অনুষ্ঠিত হবে। সবার জন্য উন্মুক্ত এ ম্যারাথনে ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং ছোটদের জন্য ১.০২ কিলোমিটার—এই চারটি ক্যাটাগরি রাখা হয়েছে।
চার ক্যাটাগরির জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯০২ টাকা, ৮০২ টাকা, ৭০২ টাকা ও ৫০২ টাকা। আগ্রহীদের firemarathon102.org ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। ম্যারাথনে সর্বমোট ৫ হাজার ১০২ জন অংশগ্রহণ করতে পারবেন।
ম্যারাথনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জের সামনের ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে শুরু হবে।
ম্যারাথনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি বলেন, “অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে আমরা দেরিতে সংবাদ পেয়ে থাকি। ফায়ার সার্ভিস হটলাইন নম্বর ১০২-কে মানুষের মাঝে আরও পরিচিত করতে পারলে রেসপন্স টাইম কমে আসবে এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ কমে আসবে।”
তিনি আরও বলেন, “এর মাধ্যমে ফায়ারফাইটার ও সাধারণ মানুষের মেলবন্ধন সৃষ্টি হবে ও হৃদ্যতা বৃদ্ধি পাবে।”
লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি সকলকে AIMS Certified ২০২৬ Fire International Marathon-102-এ অংশগ্রহণ করে নিরাপদ বাংলাদেশ গড়তে অবদান রাখার পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সবার মাঝে প্রচারের আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


